কৃষকের জন্য গাইলেন মমতাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক শাইখ সিরাজের সঙ্গে মমতাজ
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের পরিকল্পক ও উপস্থাপক শাইখ সিরাজের সঙ্গে মমতাজ

কৃষকদের নিয়ে শাইখ সিরাজের ঈদের অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’তে গান গাইলেন লোকসংগীতশিল্পী মমতাজ। সম্প্রতি মমতাজের গ্রামের বাড়ি মানিকগঞ্জের জয়মন্টপে এবারের অনুষ্ঠানের দৃশ্য ধারণের কাজ শেষ হয়। নিজের গ্রামের কৃষকদের নিয়ে এমন একটি মনোমুগ্ধকর অনুষ্ঠান নির্মাণের জন্য চ্যানেল আইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মমতাজ।
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের জন্য মানিকগঞ্জের জয়মন্টপ এলাকাকে বেছে নেওয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ‘ঢাকার সবচেয়ে নিকটবর্তী এই জেলা কৃষিক্ষেত্রে যেমন দারুণ সম্ভাবনাময়, সাংস্কৃতিক ক্ষেত্রেও এ জেলার রয়েছে গৌরবময় ইতিহাস। এ উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার, বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেনের জন্ম এই মানিকগঞ্জে। এই মাটিতে জন্ম নিয়েছেন ভাষাশহীদ রফিক, বাংলা চলচ্চিত্রের কালজয়ী নির্মাতা-অভিনেতা খান আতাউর রহমানসহ আরও অনেকে।’
শাইখ সিরাজ বলেন, ‘বাংলা চলচ্চিত্রের গোড়ার দিকে ৫০, ৬০, ৭০ ও ৮০–এর দশকে কৃষিজীবী, নদীমাতৃক বাংলাদেশের চেহারা সেলুলয়েডে তুলে আনার ক্ষেত্রে এই জেলা ছিল অনন্য। এসব এলাকায় অসংখ্য বাংলা চলচ্চিত্রের দৃশ্যধারণ করা হয়েছে। সব কটি বিষয়কেই এবার কৃষকের ঈদ আনন্দে তুলে ধরার জন্যই এখানে অনুষ্ঠানের আয়োজন।’
শাইখ সিরাজ জানান, এবারও ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে থাকবে নতুন অনেক খেলা ও গল্পের আয়োজন।