কৃষ্ণা চট্টোপাধ্যায়ের যাতনা যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রং আর রেখায় ক্যানভাসে যাপিত জীবনকে মেলে ধরেন চিত্রশিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়। সেই সঙ্গে চিত্রপটে উঠে আসে পারিপার্শ্বিকতা। সেই সূত্রে বর্ণিত হয় নারীর চলার পথের প্রতিবন্ধকতা। তেমনই কিছু ছবি নিয়ে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে চলছে শিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী। দুই সপ্তাহব্যাপী চলমান এ প্রদর্শনীর শিরোনাম ‘যাতনা যাপন’।
প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পীর ৫৫টি চিত্রকর্ম। এর মধ্যে ‘দহন’ সিরিজের ছবি রয়েছে ১৮টি। কল্পিত কোনো বিষয় নয়, যাপিত জীবনের অনুভূতিগুলোই যেন আশ্রয় পেয়েছে শিল্পীর ক্যানভাসে। তিনি যেন তাঁর রঙের পাত্র উল্টে দিয়ে চিত্রায়িত করেছেন ক্ষোভ ও যন্ত্রণা কিংবা রঙিন প্রকৃতি ও জীবনের প্রদাহ। মানুষ হিসেবে নিজের স্বপ্ন এবং নারী হিসেবে চলার পথে যেসব বাধার মুখোমুখি হয়েছেন, সেসবের প্রতিবিম্ব যেন তাঁর চিত্রপট। ছবিগুলো চিত্রিত হয়েছে স্কেচ, অ্যাক্রিলিক, জলরং, ছাপচিত্র প্রভৃতি মাধ্যমে। ১৪ মার্চ শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৮ মার্চ পর্যন্ত।