কে এল নূপুর পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রুম্ ঝুম্ ঝুম্ ঝুম্ কে এল নূপুর পায়’ সম্মেলক কণ্ঠে ছায়ানটের শিল্পীদের গানের সঙ্গে ছিল নৃত্য। জন্মদিনে জাতীয় কবিকে নিবেদিত ছায়ানটের অনুষ্ঠান শুরু হয়েছিল এভাবেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান সাজানো হয় কবির বিচিত্র গান দিয়ে। একক ও সম্মেলক কণ্ঠে সংগীত পরিবেশন করেন সালাউদ্দীন আহমেদ, সুমন চৌধুরী, শেলু বড়ুয়া, মাহবুুব আরা, তানভীর আহমেদ, শামিমা পারভীন, অনিন্দিতা চৌধুরী, লীনা তাপসী খান, সঞ্জয় কবিরাজ প্রমুখ। একক কণ্ঠে পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘বিশ্ব ব্যাপিয়া আছো তুমি’, ‘আয় মা উমা! রাখব এবার’, ‘তরুণ প্রেমিক প্রণয় বেদন’, ‘তুমি সুন্দর তাই চেয়ে থাকি’, ‘বঁধু তোমার আমার এই যে বিরহ’, ‘কেমনে রাখি আঁখিবারি চাপিয়া’, ‘দেখে যা রে রুদ্রাণী মা, ‘ওরে নীল যমুনার জল’, ‘শাওন আসিল ফিরে’ ইত্যাদি। হিন্দোল একাডেমীর শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ঝুম্ঝুম্ ঝুমরা নাচ নেচে’, ‘কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো’। সুরসপ্তকের শিল্পীরা পরিবেশন করেন ‘জয় হোক জয় হোক’, ‘তুমি কি দখিনা পবন’। ‘দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ছায়ানটের শিল্পীরা। সামিনা হোসেন, সুস্মিতা লোপা ও জুয়েইরিয়াহ্ মৌলি নৃত্য পরিবেশন করেন ‘সৃজন ছন্দে আনন্দে’ গানের সঙ্গে। আবৃত্তি করেন কৃষ্টি হেফাজ।