২০১০ সালে ব্রিটিশ সংগীত প্রতিযোগিতা ‘দ্য এক্স ফ্যাক্টর’-এ পাঁচজনেই আলাদা আলাদা নাম লিখিয়েছিলেন। তাঁদের এক করে একটা ব্যান্ড গড়ে তুলতে বলা হয়। সেই ‘ওয়ান ডিরেকশন’ ব্যান্ড পরে প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে নেয়। ওই প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করতে না পারলেও বিশ্বসংগীত অঙ্গনে ঠিকই নিজেদের অবস্থান জানান দিতে পেরেছে ওয়ান ডিরেকশন।
‘এক দিশা’। ইংলিশ-আইরিশ পপ ব্যান্ড ওয়ান ডিরেকশনের নামটা শুনলেই যেন এই কথা মাথায় আসে। জেইন মালিক ২০১৫ সালে ব্যান্ড ছেড়ে চলে গেলেও নাইল হোরান, হ্যারি স্টাইলস, লুইস টমলিনসন আর লিয়াম পেইন এক দিশায় হাঁটছেন এখনো। এর পরের বছরেই গুজব উঠে ছিল, ভেঙে গেছে ওয়ান ডিরেকশন। নাইল হোরান আশ্বস্ত করলেন, শুধু বিরতি নিচ্ছেন তাঁরা। পরিবারকে সময় দিচ্ছেন, সেই সঙ্গে নিজেদের একক ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছেন। তাহলে চলুন দেখি ওয়ান ডিরেকশনের কে কোথায় কেমন আছেন তা জেনে নিই।

লুইস টমলিনসন
ব্যান্ডের জন্য গান লিখতেন লুইস টমলিনসন। তিনি কিন্তু গানের জগতে প্রবেশের আগে ব্রিটিশ টিভি নাটকে অভিনয় করেছেন। সে যা-ই হোক, এখন তিনি গান লেখাতেই ব্যস্ত। এই তো কিছুদিন আগে ‘আই হার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ড’-এ সেরা একক ‘ব্রেকআউট’ বিভাগে পুরস্কার জিতেছেন লুইস। গত বছর টিন চয়েজ অ্যাওয়ার্ডও জিতেছিলেন। একদিকে নিজের ক্যারিয়ার যেমন গুছিয়ে নিচ্ছেন, তেমনি বিশাল পরিমাণ অর্থ খরচ করে বিলাসী বসবাসের ব্যবস্থাটাও সেরে নিচ্ছেন। জানুয়ারি মাসে ক্যালিফোর্নিয়াতে কিনেছেন বিরাট এক বাড়ি। দাম মাত্র ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার থেকে একটু বেশি!

নাইল হোরান
আইরিশ গায়ক নাইল হোরান সুযোগ পেয়ে প্রকাশ করে ফেলেছেন তাঁর প্রথম একক অ্যালবাম ফ্লিকার। গত বছর প্রকাশিত এই অ্যালবাম দিয়ে এখনো পর্যন্ত আলোচনায় আছেন নাইল। ২০১৬ সাল থেকে এ বছর অবধি বেশ কিছু পুরস্কার জুটেছে তাঁর ঝুলিতে। বিএমআই লন্ডন অ্যাওয়ার্ডস, পিপলস চয়েজ অ্যাওয়ার্ডস, রেডিও ডিজনি মিউজিক অ্যাওয়ার্ডস, টিন চয়েজ অ্যাওয়ার্ডস, আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, আই হার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ডস-তিন বছরে এইটুকুই অর্জন তাঁর। শুক্রবার ম্যানচেস্টারে এক কনসার্টে নিজের সফল গানগুলো গেয়ে ভক্তদের মুগ্ধতা বজায় রেখেছেন নাইল হোরান।

হ্যারি স্টাইলস
হ্যারি স্টাইলস সুযোগটা কাজে লাগাচ্ছেন আরেকটু বেশি করে। নিজের একক গান আর অ্যালবাম তো প্রকাশ করেছেনই, পাশাপাশি অভিনয় শুরু করেছেন। গত বছর তাঁকে দেখা গেছে ক্রিস্টোফার নোলান পরিচালিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের আলোচিত ঘটনার ছবি ডানকার্ক-এ।

লিয়াম পেইন
লিয়াম পেইনও ব্যস্ত গান লেখায়। এর চেয়ে বেশি ব্যস্ততা তাঁর ছেলে বিয়ারকে নিয়ে। মাসখানেক ধরে গুঞ্জন চলছিল, আরেক সংগীত তারকা শেরিলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে লিয়ামের। কিন্তু সেই গুজবের তেলে পানি ঢেলে দিলেন লিয়াম। শুক্রবার রাতে লিয়ামকে দেখা গেছে শেরিলের ভাই ও আত্মীয়দের সঙ্গে ‘ইউএফসি ফাইট’ দেখতে যেতে। বিয়ার আর তাঁর মা শেরিলকে নিশ্চয়ই মনে পড়ছিল তখন তাঁর।

জেইন মালিক
এই মুহূর্তে আলোচনার শীর্ষে খুব সম্ভবত আছেন জেইন মালিক। সাবেক এই ওয়ান ডিরেকশন সদস্য সম্প্রতি নিজের প্রেমের সম্পর্ক বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন টুইটারে। মডেল জিজি হাদিদের সঙ্গে দুই বছরের বেশি সময় ধরে প্রেম করছিলেন তিনি। একে অপরের প্রতি শ্রদ্ধা রেখেই নাকি বিচ্ছেদ করেছেন। জেইন লেখেন, ‘জিজি আর আমার সম্পর্ক ছিল অসাধারণ, ভালোবাসায় ভরপুর। একজন নারী ও বন্ধু হিসেবে জিজির প্রতি আমার সম্মান ও শ্রদ্ধার শেষ নেই। আমাদের এই বিচ্ছেদের সিদ্ধান্ত ও আমাদের ব্যক্তিজীবনকে শ্রদ্ধা জানানোর জন্য ভক্তদের কাছে আমি কৃতজ্ঞ।’ জিজিও লিখেছেন জেইনের বন্ধু হয়ে থাকবেন সব সময়। আর এই বন্ধুর প্রতি তাঁর অনেক অনেক শ্রদ্ধা। আশা করা যায়, এই বিচ্ছেদ জেইনের গানের ক্যারিয়ারে দুর্যোগময় কোনো প্রভাব ফেলবে না।
সৈয়দা সাদিয়া শাহরীন
পিপল, ডেইলি মেইল, ইউএস উইকলি, ভ্যারাইটি ও এন্টারটেইনমেন্ট টুনাইট অবলম্বনে