
ঠক ঠক ঠক...
বিশ্বকাপ যেন কড়া নাড়ছে বিশ্ববাসীর দরজায়! আবার শুরু হতে চলেছে ফুটবল উন্মাদনা, ছাদে পতাকা, গায়ে জার্সি আর সমস্বরে চিৎকার ‘গোল’। এক দুই তিন করে পাক্কা চার বছর ঘুরে আবার এল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। গেলবার বিশ্বকাপের খেলা দেখার সব স্মৃতি মনে না থাকলেও ‘ওয়েভিন ফ্ল্যাগ’ অথবা ‘ওয়াকা ওয়াকা’র সুর নিশ্চয়ই ভোলেননি? কানে বাজছে নাকি গানগুলো?
হ্যাঁ, কথা বলছি বিশ্বকাপ উন্মাদনার সেই গানগুলো নিয়ে। প্রতিটি বিশ্বকাপ একেকটা মহোৎসব, যা চলে দুনিয়া জোড়া, বত্রিশ দেশের খেলোয়াড় আর শত-কোটি দর্শক যেন হুমড়ি খেয়ে পড়েন টিভি নামক বক্সের সামনে! আর এই মহোৎসবটি গান ছাড়া যেন জমেই না!
এবারের বিশ্বকাপের দুটি গান নিয়ে কথা বলব, যা দর্শক-শ্রোতাদের চোখ-কানকে ব্যস্ত রেখে চলেছে। একটি হচ্ছে পিটবুল-জেনিফার লোপেজের ‘উই আর ওয়ান’ (ওলে-ওলা), অন্যদিকে আছে শাকিরার ‘লা লা লা’। আরও বেশ কিছু আনুষ্ঠানিক–অনানুষ্ঠানিক গান বাজারে থাকা সত্ত্বেও এই দুটি গানেই ভক্তদের আকর্ষণ সবচেয়ে বেিশ।

‘উই আর ওয়ান’ গানটি পিটবুল-লোপেজের গাওয়া ফিফা কর্তৃক মনোনীত, তার মানে এটিই হলো এই বিশ্বকাপের আনুষ্ঠানিক গান। ২৩ জানুয়ারি মুক্তি পাওয়া গানটি শুরু থেকেই আলোচনা-সমালোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। অন্যদের পছন্দ হোক বা না হোক, সমালোচনার ঝড় উঠেছে আয়োজক দেশ ব্রাজিল থেকেই। তারা এই গানটিকে আনুষ্ঠানিক গান মানতে নারাজ। তাদের যুক্তি হলো, সংগীত-ঐতিহ্যে সমৃদ্ধ ব্রাজিলের সঙ্গে এই পপ ধাঁচের গান একদম বেমানান। তাদের মিডিয়াতেও এই গানের দিকে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, ব্রাজিলের সংগীত বিচারে একে ‘দুর্বল’, ‘নিষ্প্রাণ’, ‘লজ্জাজনক’ ইত্যাদি বিশেষণে বিদ্ধ করা হয়েছে। আরেকটি অভিযোগ উঠেছে যে তাদের দেশে এত ভালো সংগীতশিল্পী রেখে পিটবুল বা লোপেজ কেন! ব্রাজিলে কি ভালো শিল্পী পাওয়া যেত না?
যে যা-ই বলুক, পিটবুল-লোপেজ কিন্তু পাত্তা দিচ্ছেন না ওসবে। পিটবুল নিজে তাঁর উৎফুল্লতা প্রকাশ করেছেন টুইটারে। উল্লেখ্য, তিনি ১২ জুন সাও পাওলোতে গানটি নিজে পারফর্ম করবেন।
এবার আসি শাকিরার কাছে৷ গত বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’কে মানুষ এখনো ভুলতে পারেনি। চার বছর আগের গানটি এখনো বিলবোর্ড লাতিন সং টপচার্টে টিকে আছে। জেরার্ড পিকের সঙ্গে ঘর করে, বিশ্বকাপের সঙ্গে শাকিরার প্রেম যেন চার বছর পর এবার আরও গভীর হলো, তাঁর ‘লা লা লা’ মুক্তি পাওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটিবার শোনা ও দেখা হয়েছে। পিকে, নেইমার, মেসিকে শাকিরার সঙ্গে সুর মেলাতে দেখা যাবে। ‘উই আর ওয়ান’ গানটি ব্রাজিলে যে সমালোচনার সুযোগ দিয়েছিল শাকিরা যেন তাদের চাহিদা মিটিয়ে দিলেন। হতাশ ব্রাজিলবাসী তাদের স্বাদ পেল এই গানেই। আফ্রো-ব্রাজিলিয়ান ধাঁচের মিউজিকের সঙ্গে দেখা যাবে চিরচেনা শাকিরাকে। গানটি কি পারবে জনপ্রিয়তায় পিটবুলকে টেক্কা দিতে? এই প্রশ্নের উত্তর খুব জলদিই মিলবে। কিছু জনপ্রিয় ওয়েবসাইট শ্রোতাদের কাছ থেকে ভোট নেওয়া শুরু করেছে ইতিমধ্যে। শেষ হিসাবমতে এগিয়ে আছেন শাকিরাই।
শেষমেশ কে কাকে গোল দেয় তা সময়ই বলে দেবে৷