কে বলে নাট্যাঙ্গনে খরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমি ও রবীন্দ্রনাথ নাটকের দৃশ্য
আমি ও রবীন্দ্রনাথ নাটকের দৃশ্য

‘কোন দুর্মুখ বলে নাট্যাঙ্গন স্তিমিত, দর্শক নেই! গতকাল নাট্যকেন্দ্রের বন্দুক যুদ্ধ ও গাধার হাট ১০ মাসে ২৫টি প্রদর্শনী দর্শক নিয়েই উদ্যাপন করল। নাটকের জয় হয়। মঞ্চশিল্পীরা জয়ী হয়।’
গত সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক মহাসচিব ঝুনা চৌধুরী। মঞ্চনাটকের জন্য নিবেদিত এই মানুষটির এ মন্তব্য যেন ছিল সারা দেশের মঞ্চকর্মীদের স্লোগান।
ঢাকার মঞ্চে দর্শক-খরা? অনেকে বলে থাকেন ইদানীং দর্শক-খরায় ভুগছে ঢাকার মঞ্চ। শিল্পকলা একাডেমিসহ রাজধানীর অন্য নাট্যাঙ্গনগুলোতে গেলে মাঝেমধ্যে হতাশ হতে দেখা যায় নাট্যকর্মীদের—নাটকের প্রাণ দর্শকেরা যদি নাটক দেখতে না আসেন, তবে কার জন্য এ আয়োজন? কথাটা খুব একটা অযৌক্তিক নয়। এমনিতে দেশ-বিদেশে শত শত চ্যানেলের অনুষ্ঠান, নাগরিক ব্যস্ততা, সামাজিক পরিস্থিতিসহ নানা কারণে মিলনায়তনে দর্শকের কিছুটা হলেও ভাটা পড়েছে। তাই বলে কি ব্যস্ততা কমে গেছে নাট্যকর্মীদের মাঝে? মোটেও নয়। বরং নাট্যকর্মীরা এখনো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর রীতিটা চালু রেখেছেন। দর্শক-সংকট সত্ত্বেও অনেকটা ঝুঁকি নিয়ে নতুন নতুন প্রযোজনা মঞ্চে আনছেন তাঁরা।

জ্বালা নাটকের দৃশ্য
জ্বালা নাটকের দৃশ্য

রাজধানীতে প্রতিষ্ঠিত দলগুলোর পাশাপাশি কম পরিচিত কিংবা নতুন দলগুলোও নিয়মিত নাটক মঞ্চে আনছে। ঢাকার বাইরের দলগুলোও তাদের নতুন প্রযোজনা মঞ্চে নিয়ে আসছে ধারাবাহিকভাবে। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের প্রথম ছয় মাসে এসেছে ৩০টিরও বেশি নতুন নাটক। এসব নাটকের বেশির ভাগই প্রশংসিত হয়েছে। সব মিলিয়ে বলা হচ্ছে, এ বছর নতুন মঞ্চনাটকের বছর হতে যাচ্ছে।
বছরের নতুন নাটকের প্রসঙ্গ এলে শুরুতেই যে দলটির নাম সবার আগে আসবে, সেটি হচ্ছে প্রাঙ্গণেমোর। ইতিমধ্যে দলটি নতুন তিনটি নাটক মঞ্চে এনেছে। এর মধ্যে গত ১১ ফেব্রুয়ারি মঞ্চে এনেছে নুনা আফরোজের রচনা ও নির্দেশিত নাটক আমি ও রবীন্দ্রনাথ। নাটকটি দেশে ও দেশের বাইরে প্রশংসিত হয়েছে। মাত্র ১ মাস ১৯ দিনের ব্যবধানে ১ এপ্রিল অনন্ত হিরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় মঞ্চে এসেছে কনডেমন্ড সেল। এর ১ মাস ২১ দিনের ব্যবধানে গত ২৪ মে মঞ্চে আনে শিশির রহমানের রচনা ও নির্দেশনায় বিবাদী সারগাম নাটকটি।
এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল ঢাকার মঞ্চে। মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনটি পুনরায় যাত্রা করল ভাঙা-গড়া নাট্যোৎসবের মধ্য দিয়ে। এ উৎসবে দর্শক দেখল ঢাকা পদাতিকের নতুন নাটক হেফাজত। নাটকটি লিখেছেন হারুনর রশিদ এবং নির্দেশনা দিয়েছেন নাদের চৌধুরী।
এই তো সেদিন ১১ জুলাই দর্শক দেখল পদাতিক নাট্য সংসদের নতুন একটি নাটক। দলের নতুন প্রযোজনা গহনযাত্রার গল্পটিও সমসাময়িক। রুবাইয়াত আহমেদ রচিত নাটকটি নির্দেশনা দিচ্ছেন সুদীপ চক্রবর্তী। নাটকে একক অভিনয় করেছেন সৈয়দা শামসি আরা।
পথনাটক পরিষদের উদ্যোগে গত ৫ এপ্রিল মঞ্চে আসে ধর্ষণ ও হত্যাবিরোধী নাটক শিকারী। মান্নান হীরার রচনায় নাটকটি নির্দেশনা দেন নাসির উদ্দীন ইউসুফ। সমসাময়িক ঘটনা নিয়ে করা নাটকটি বেশ আলোচিত হয় ঢাকার নাট্যাঙ্গনে।
পুরান ঢাকার পটভূমিতে তৈরি রঙ্গপীঠের ১১তম প্রযোজনা হাসির নাটক শাদি পয়গাম-এর উদ্বোধনী প্রদর্শনী হয় মে মাসের প্রথম সপ্তাহে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে প্রথম মঞ্চস্থ নাটকটি আন্তন চেখভের মূল গল্প থেকে রূপান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন গোলাম জিলানী।
৮ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া জলসিঁড়ি নাট্যোৎসবে উদ্বোধনী মঞ্চায়ন হয় নাটক বোধ। সংলাপ নাট্যদলের নতুন নাটক বোধ মারাঠি গল্পকার মুন্সী প্রেমচাঁদের ‘কঙ্কণ’ গল্প থেকে তৈরি হয়েছে। অনুবাদ করেছেন স্বপন দাস এবং নির্দেশনা দিয়েছেন মোস্তফা হীরা। শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে ৩ জুন দৃষ্টিপাত নাট্যদলের নতুন প্রযোজনা ঋত্বিক ঘটকের জ্বালার উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
খুব শিগগির নতুন নাটকের মিছিলে শামিল হতে অপেক্ষায় আছে আরও বেশ কিছু নাটক। নাট্যদল সুবচন মঞ্চে আনছে আসাদুল ইসলাম আসাদ রচিত নাটক রাধাকৃষ্ণ। সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় নাটকটির কাজ শুরু হয়েছে গেল সপ্তাহেই। আগস্টের শেষ সপ্তাহে নাটকটি মঞ্চে আনার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে বলে জানান দলটির প্রধান আহমেদ গিয়াস।
ঢাকার মঞ্চে আলোচিত সংগঠন স্বপ্নদল নিয়মিতই প্রদর্শনী করছে। দলটির প্রধান জাহিদ রিপন জানালেন, মাসে গড়ে তিনটিরও বেশি প্রদর্শনী করছেন তাঁরা। পাশাপাশি নতুন নাটক মঞ্চে আনার জন্যও কাজ করছেন। হেলেন কেলারের জীবনী অবলম্বনে তাঁদের নতুন নাটক। নাটকের স্ক্রিপ্ট তৈরি করছেন অপূর্ব কুমার। নির্দেশনা দেবেন তিনি নিজে। নাটকটিতে একক অভিনয় করবেন জুয়েনা শবনম।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনিও নিজের দল থেকে খুব শিগগির নতুন নাটক মঞ্চে আনার পরিকল্পনা করেছেন। গিরিশ কারনাডের যযাতি নিয়ে কাজ করছেন তাঁরা। তিনি বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে আমি প্রায় প্রতিদিনই মিলনায়তনে যাচ্ছি। দর্শকের সঙ্গে কথা বলছি। একটিবারও মনে হয়নি দর্শক মঞ্চ থেকে বিমুখ। বরং আগ্রহ নিয়ে আসছে। নিরাপত্তা বাড়ানোর পর তারা আরও বেশি আশ্বস্ত হয়েছে।’