কে হচ্ছেন 'বাংলাদেশি আইডল'?

কে হচ্ছেন বাংলাদেশি আইডল—মৃন্ময় সিংহ, আরিফ রহমান নাকি মং উ চিং মারমা? গতকাল বৃহস্পতিবারই তা চূড়ান্ত হয়ে গেছে। কারণ, এই চূড়ান্ত অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে গতকাল। আর দর্শক তা জানতে পারবেন আজ। হ্যাঁ, আজ এসএ টিভিতে প্রচারিত হবে ‘বাংলাদেশি আইডল’ রিয়েলিটি শোর চূড়ান্ত অনুষ্ঠান।
চূড়ান্ত অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে একটি নতুন গান। গানটি হলো—‘বাংলা গানে বিশ্বজয় আমরা করবই/ স্বপ্নের দিগন্তটা হাতে ধরবই...’। লিখেছেন রবিউল ইসলাম, সুর ও সংগীত পরিচালনা করেছেন আলম খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন এই প্রতিযোগিতার ১২ জন শিল্পী।
জানা গেছে, ‘বাংলাদেশি আইডল’ পাচ্ছেন একটি নতুন গাড়ি, ১০ লাখ টাকার চেক, সংগীতের ওপর উচ্চতর প্রশিক্ষণের জন্য বৃত্তিসহ এক কোটি টাকা মূল্যমানের পুরস্কার। প্রতিযোগিতার সেরা শিল্পীদের নিয়ে দেশে ও দেশের বাইরে আয়োজন করা হবে কনসার্ট।
প্রতিযোগিতার বিচারকেরা হলেন ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু ও মেহ্রীন।
‘বাংলাদেশি আইডল’ পরিচালনা করছে ডেলটা বে।