কে হবেন উপস্থাপক?

আজ সন্ধ্যায় যখন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৩-এর পর্দা উঠবে, সবার চোখ তখন থাকবে মঞ্চের দিকে—এই মঞ্চে দাঁড়িয়ে এবার আসর রাঙাবেন কোনজন, এবারের অনুষ্ঠানের উপস্থাপক তবে কে?
না, মুখ ফসকে এখনই সব বলে দেওয়া ঠিক হবে না। তাহলে আকর্ষণের আর থাকবেটা কী? জানি, মেরিল-প্রথম আলো পুরস্কারের অনুষ্ঠানটি এবার কে বা কারা উপস্থাপনা করবেন? প্রশ্নটি আসার পর আপনি নড়েচড়ে বসেছেন একটু। আপনার মন বলছে, গেলবার তো মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী—এই দুই অভিনেতা যুগলবন্দী হয়ে অনুষ্ঠান মাতিয়েছিলেন, এবার কি তবে দুজন উপস্থাপনা করবেন, নাকি একজনই সামলে নেবেন?
আপনি এখন উত্তর খুঁজছেন। আর আপনার মনে পড়ছে আফজাল হোসেন, জাহিদ হাসানদের কথা। হানিফ সংকেত, আনিসুল হকের কথা। কারণ, একসময় তাঁরাও এ অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন।
তো, এবার কি এঁদের মধ্যে থেকে কেউ আসছেন? আপনি অঙ্ক কষতে থাকুন। ইত্যবসরে এবারের আসরের উপস্থাপক সম্পর্কে খানিকটা ইঙ্গিত দিয়ে রাখি আপনাদের।
যিনি এবারের অনুষ্ঠানের উপস্থাপনা করতে সম্মত হয়েছেন, তিনি আপনাদের খুবই পরিচিত—এটুকু লিখলে আপনি হয়তো বলবেন, এই অনুষ্ঠানে অপরিচিত কেউ কখনো তো উপস্থাপনা করেননি।
একেবারে হক কথা। তাহলে বলি: তাঁর হাসিটা খুব সুন্দর। বিগত বছরগুলোর মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের কোনো কোনো পর্বে তাঁকে মাঝেমধ্যেই মঞ্চে উঠতে দেখেছেন আপনারা।
এবার কি চিনতে পারলেন তাঁকে, এখনো আপনার কাছে অধরা-অদৃশ্য যিনি, সেই মানুষকে? হ্যাঁ, কখনো কখনো তিনি স্বেচ্ছায় অদৃশ্যও হয়ে যান। তবে দৃশ্যমান হয়ে একবার যদি কথা শুরু করেন, বাজি ধরে বলতে পারি, আপনি সম্মোহিত হয়ে শুনবেন তাঁর কথা।
আর সবচেয়ে বড় কথা হলো, মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৩-এর উপস্থাপক কোনো অভিনেতা নন, কিন্তু বিনোদন জগতের আলো-ঝলমলে ভুবনে তিনি এক উজ্জ্বল তারা।
তাহলে তিনি কে? কে এবারের উপস্থাপক? প্রশ্নটি বুদ্বুদ তুলছে আপনার মনের ভেতরে। তবে এ প্রশ্নের সামনে দাঁড়িয়ে আমি আর টুঁ শব্দটি করব না। কারণ, আজ সন্ধ্যায়ই আপনি দেখতে পাবেন তাঁকে, সহাস্যে যিনি বলবেন, ‘মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৩-এর অনুষ্ঠানে আপনাকে স্বাগত!’