কেঁদে ফেললেন রাজ্জাক

বক্তব্য দিচ্ছিলেন নায়ক রাজ্জাক। কথা বলতে বলতে কান্নায় জড়িয়ে যাচ্ছিল তাঁর কণ্ঠ। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, ‘তাঁর ছেলেমেয়ে ও পরিবারের সবার সঙ্গে আমার বড় ভাইয়ের সম্পর্ক। আমি কাকার স্নেহ পেয়েছি, তাঁর ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। তাঁর কাছ থেকে আমার প্রাপ্তি অনেক।’
গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ছিল প্রথম বাংলা ছবি ‘মুখ ও মুখোশ’-এর পরিচালক আব্দুল জব্বার খানের জন্মশতবার্ষিকী উৎসবের উদ্বোধনী। এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে এসেছিলেন ‘নায়করাজ’খ্যাত অভিনেতা রাজ্জাক।
রাজ্জাক বলেন, ‘কলকাতায় যখন নাটক করতাম, তখন তাঁর সঙ্গে আমার পরিচয়। কথা হয়েছিল মাত্র ১০ মিনিট। সাম্প্রদায়িক দাঙ্গার পর চলে আসি এই দেশে। কমলাপুর রেলস্টেশনে নেমেই গিয়েছিলাম কাকার বাসায়। আমার দাঁড়ানোর জায়গা ছিল না। তিনি আমাকে স্নেহ দিলেন, কাজের সুযোগ দিলেন। আমি নায়ক হওয়ার পর তিনি খুবই খুশি হয়েছিলেন। শুরুতে তিনি আমাকে সহকারী পরিচালকের কাজ দিয়েছিলেন। আমি ছিলাম “উজালা” ছবির চার নম্বর সহকারী পরিচালক।’
রাজ্জাক আরও বলেন, ‘আমি যেন তাঁর ছবির নায়ক না, তাঁর সন্তান ছিলাম। তাঁর সান্নিধ্য পেয়ে আমি ধন্য। কয়েক দিন আগে তো প্রায় মরেই গিয়েছিলাম। ১৭ কোটি মানুষের ভালোবাসায় বেঁচে ফিরেছি। এসবের পেছনে ওই মানুষটির অবদান রয়েছে।’
আক্ষেপের সুরে রাজ্জাক বলেন, ‘চলচ্চিত্রশিল্পটাকে তিনি তৈরি করেছিলেন। আজ সেটা কোথায় গেল! আজ এখানে কোনো আর্টিস্টকে দেখছি না।’
বাংলা প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর নির্মাতা আব্দুল জব্বার খানের শততম জন্মবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে আজ রোববার থেকে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে থাকবে তাঁর ছবিগুলোর প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যা ছয়টায় দেখানো হবে ছবিগুলো।