কেক কেটে ভালোবাসা দিবসের শুরু

ভালোবাসা দিবসের প্রথম প্রহরে কেক কেটে ভালোবাসা দিবসকে বরণ করলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। শিল্পীর ধানমন্ডির বাসায় পয়লা বসন্তের শেষ এবং ভালোবাসা দিবসের শুরুতে কেক কাটা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন টিভি নাটক, সংগীতসহ মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রের অনেক পরিচিত মুখ।
ফাহমিদা নবী বলেন, ‘কাজের ব্যস্ততার কারণে আমাদের খুব একটা দেখা হয় না। কোনো অনুষ্ঠান হলেও তাই আমরা সুযোগটা নষ্ট করতে চাই না। পয়লা বসন্তের শেষ এবং ভালোবাসা দিবসের প্রথম প্রহরটা উদযাপন করতেই পরিচিত সবাইকে নিয়ে একসঙ্গে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করেছি।’
ফাহমিদা নবী এও বলেন, ‘আমি সারাক্ষণই ভালোবাসার মধ্যে থাকতে পছন্দ করি। পয়লা বসন্তে পরিচিত অনেক শিল্পী মিলিত হয়েছিলেন আমার বাসায়। ভালোবাসা দিবসের প্রথম প্রহরে—রাত ১২টায় একসঙ্গে কেক কাটলাম আমরা। ওই মুহূর্তে আমার মনে হয়েছিল, আমরা শিল্পীরা সবাই সবাইকে সত্যিই খুব ভালোবাসি।’
ফাহমিদা নবীর বাসায় পয়লা বসন্তের শেষ ও ভালোবাসা দিবসের প্রথম প্রহরকে বরণ করে নিতে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোকেয়া আফজাল রহমান, আফজাল, সামিনা, কানিজ আলমাস খান, বিপাশা হায়াত, অপি করিম, চঞ্চল চৌধুরী, বিপ্লব, তিশা, দীপা খন্দকার, বিজরী বরকতুল্লাহ, মুকিত জাকারিয়া, ফেরদৌস বাপ্পী, ইকবাল আহমেদ, বিপ্লব সাহা, গাউসুল আলম শাওন, কবির বকুল, তানিয়া হোসাইন, শাহেদ আলী সুজন, ওয়াকিল, কণাসহ আরও অনেকে।