
বিলবোর্ড শীর্ষ তালিকায় অলটারনেটিভ গানের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে আছে ‘কেজ দি এলিফ্যান্ট’-এর ‘কাম এ লিটল ক্লোজার’। ১২ সপ্তাহ ধরে গানটি এ শীর্ষ তালিকায় অবস্থান করছে।
২০০৬ সালে আমেরিকার কেনটাকির বোলিং গ্রিন এলাকায় কেজ দি এলিফ্যান্টের পথচলা শুরু হয়। দলের সদস্যরা এর আগে পারফেক্ট কনফিউশন নামের আরেকটি দলের সঙ্গে যুক্ত ছিলেন। ম্যাথিউ, লিংকন, ব্র্যাড, ড্যানিয়েল ও জ্যারেড মিলে দলটি গড়ে তোলেন।
ওই দলের সদস্যরা ক্লাসিক রক, ফাঙ্ক ও ব্লুজ সংগীত দ্বারা খুবই প্রভাবিত ছিলেন। তাই তাঁদের গানেও সেই ভাবটা বিদ্যমান। ২০০৮ সালে তাঁরা দলের নিজ-শিরোনামেই প্রথম অ্যালবাম বের করেন। অ্যালবামটি বেশ সফল হয়। সেই অ্যালবামের বেশ কিছু গান রেডিওতে প্রচার করার ফলে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়ে যায়। এ কারণে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তাঁদের ভক্ত-শ্রোতা ও অনুসারী বেড়ে যায়।
২০১১ সালে ওই দলের দ্বিতীয় অ্যালবাম বের হয়। থ্যাঙ্ক ইউ, হ্যাপি বার্থ ডে শীর্ষক অ্যালবামটি তাদের জন্য অনেক ইতিবাচক ছিল। বিলবোর্ড ২০০-এর তালিকায় দ্বিতীয় স্থান দখল করতে অ্যালবামটির সময় লাগেনি। বের হয়েই সেই দ্বিতীয় স্থান তারা পেয়ে যায়। অ্যালবামটি ইতিবাচক সমালোচনা পেয়েছিল। এরপর তারা অসংখ্য কনসার্টে অংশ নেয়। তবে ২০১১-এর শেষ দিকে কেজ দি এলিফ্যান্টের ড্রামার জ্যারেডের শারীরিক অসুস্থতার কারণে তিনি কিছুদিন বিশ্রামে ছিলেন। তাঁর জায়গায় কিছু দিনের জন্য ডেভ গ্রোল ড্রামস বাজান। ডেভ গ্রোল ছিলেন বিশ্ববিখ্যাত গ্রান্ড দল নির্ভানার ড্রামার।
ওই দলের দ্বিতীয় অ্যালবামের ‘শেক মি ডাউন’ গানটির ভিডিও ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’-এর ‘সেরা রক ভিডিও’ শ্রেণীতে মনোনীত হয়েছিল। যদিও তারা পুরস্কারটি জয় করতে পারেনি।
এরপর গত মাসের ৮ তারিখ কেজ দি এলিফ্যান্টের নতুন অ্যালবাম বের হয়। মেলোফোবিয়া শীর্ষক অ্যালবামটির গান ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।