কেট উইন্সলেটের আরেকটি সুখবর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেট উইন্সলেটের আরেকটি সুখবর!
কেট উইন্সলেটের আরেকটি সুখবর!

বিস্ময়ের পর বিস্ময়! তা খানিকটা অবাক তো হতেই পারেন কেট উইন্সলেট। মাত্র সাত দিন আগে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন অস্কারজয়ী এই ব্রিটিশ অভিনেত্রী। সে আনন্দের রেশ কাটতে না-কাটতেই এবার আরেক সুখবর। এ বছরের গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছেন তিনি। মনোনয়নের এ সুখবরে কিছুটা বিস্মিতই হয়েছেন কেট। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ।
মনোনয়নের খবর শুনে প্রতিক্রিয়ায় কেট জানিয়েছেন, ‘আমি খুব বিস্মিত আর শিহরিত হয়েছি এ বছরের জন্য গোল্ডেন গ্লোবে এ মনোনয়ন পাওয়ায়।’
প্রসঙ্গত, ডিসেম্বরের ৭ তারিখে তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ নিয়েছেন ‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেট। ২০০১ সালের ডিসেম্বরে জিমের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর ‘স্কাইফল’ ছবির নির্মাতা স্যাম মেন্ডেসের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়ান কেট। ২০০৩ সালের মে মাসে গাঁটছড়া বাঁধেন কেট ও স্যাম। একই বছরের ডিসেম্বরে তাঁদের ঘরে আসে ছেলে জো মেন্ডেস। ২০১১ সালে কেট ও স্যামের বিচ্ছেদ হয়ে যায়।
স্যাম মেন্ডেসের সঙ্গে বিচ্ছেদের পরপরই যুক্তরাজ্যের ধনাঢ্য ব্যবসায়ী ও ভার্জিন গ্যালাক্টিকের প্রধান রিচার্ড ব্র্যানসনের ভাতিজা নেড রকনলের সঙ্গে পরিচয় হয় কেটের। কিছুদিনের মধ্যেই অভিসারে মেতে ওঠেন নেড ও কেট। বাগদানের পর ২০১২ সালের সেপ্টেম্বরে নিউইয়র্ক ছেড়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁরা। একই বছরের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।