কেট-উইলিয়ামের মামলা
প্রিন্স হ্যারির পর এবার প্রিন্স উইলিয়াম-পত্নী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের বিবসনা ছবি প্রকাশে দারুণ চটেছে ব্রিটিশ রাজপরিবার। ফ্রান্সে অবকাশ যাপনরত এ দম্পতির একান্ত মুহূর্তের খোলামেলা ছবি প্রকাশ করায় ক্লোজার ম্যাগাজিনের বিরুদ্ধে কেট মিডলটন ও যুবরাজ উইলিয়ামের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।গত সপ্তাহে ফ্রান্সের রানি এলিজাবেথের ভাগনে লর্ড লিনলির শ্যাতোতে ছুটি কাটাতে গিয়েছিলেন ব্রিটেনের রাজপরিবারের উইলিয়াম-কেট দম্পতি। সেখানে তাঁরা যখন ছুটি কাটাচ্ছিলেন, তখন কেটের বেশ কয়েকটি বিবসনা ছবি তোলা হয়। ক্যামেরায় শক্তিশালী লেন্স লাগিয়ে অনেক দূর থেকে ছবিগুলো তোলায় কেট ও উইলিয়াম বিষয়টি টের পাননি। পরে কেটের ১৩টি খোলামেলা ছবি প্রকাশ করে ক্লোজার ম্যাগাজিন।ভবিষ্যতে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের ব্যক্তিগত জীবনে মিডিয়ার অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ক্লোজার ম্যাগাজিনের বিরুদ্ধে এ মামলা দায়ের। সেলিব্রেটি ম্যাগাজিন ক্লোজার প্রকাশিত হয় ইতালির সাবেক প্রেসিডেন্ট ও ধনাঢ্য মিডিয়া ব্যবসায়ী সিলভিও বেরলুসকোনির প্রকাশনা সংস্থা থেকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা। মামলা প্রসঙ্গে প্রিন্স উইলিয়াম ও কেটের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ডিউক ও ডাচেস অব কেমব্রিজের ব্যক্তিগত জীবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ক্লোজার ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশকদের বিরুদ্ধে ফ্রান্সে মামলা দায়ের করা হয়েছে।’এর আগে এক বিবৃতিতে জানানো হয়েছিল, ‘এমন ছবি প্রকাশের ঘটনায় খুবই মর্মাহত হয়েছেন কেট ও উইলিয়াম। এমন ছবি কেউ তুলতে পারে এবং তা প্রকাশ করা হতে পারে—বিষয়টি কল্পনাই করা যায় না। কারও ব্যক্তিগত জীবনে মিডিয়া ও পাপারাজ্জিদের অনুপ্রবেশের নিকৃষ্টতম উদাহরণ এটা। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় খুবই বিচলিত হয়ে পড়েছেন কেট ও উইলিয়াম।’এদিকে ফরাসি আইনজীবী জঁ ফ্রেডেরিক জানিয়েছেন, ‘ফ্রান্সের প্রাইভেসি আইনের আওতায় এ মামলার বিচার কার্যক্রম চলবে। পুরো ইউরোপের মধ্যে এই আইন ফ্রান্সে সবচেয়ে বেশি কঠোর। সাজা হিসেবে ৩৬ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে ক্লোজার ম্যাগাজিনকে। এ ছাড়া ম্যাগাজিনটির সম্পাদককে ১২ মাস জেলের ঘানিও টানতে হতে পারে।’