কেট মসের চলচ্চিত্র অভিষেক!
সবকিছু ঠিক থাকলে এবারে রুপালি পর্দায় দেখা যাবে ব্রিটিশ সুপার মডেল কেট মসকে। নির্মিতব্য ‘অ্যাবসলুটলি ফ্যাবুলাস’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটতে যাচ্ছে বলেই জানিয়েছে কন্টাক্টমিউজিক। ব্রিটিশ টিভি সিরিজ অ্যাবসলুটলি ফ্যাবুলাস অবলম্বনে ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন এর নির্মাতা জেনিফার সন্ডারস। এর আগে সিরিজটির বিশেষ একটি পর্বে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন কেট মস। সে সময় তাঁর সঙ্গে কাজ করে মুগ্ধ হয়ে যান জেনিফার। আর তাই এবারে নিজের পরিচালিত ছবিতে আবারও ৩৮ বছর বয়সী কেটকে নিয়ে কাজ করতে চান ব্রিটিশ এ চিত্রনাট্যকার ও অভিনেত্রী। এ প্রসঙ্গে জেনিফার বলেছেন, ‘এ মুহূর্তে ছবিটির চিত্রনাট্য লিখছি। এর আগে কেটের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। কাজের সময় তিনি আমাদের সঙ্গে পুরোপুরি মিশে গিয়েছিলেন। ব্যক্তি হিসেবে তিনি চমত্কার। আবারও তাঁর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে আমার।’