
বিলবোর্ড শীর্ষ তালিকায় কেটি পেরি তর্জন-গর্জন করে চলেছেন হিংস্রভাবে। তাঁর ‘রোর’ গানটি ছয় সপ্তাহ ধরে বিলবোর্ডের শীর্ষ পপ গানের তালিকায় আধিপত্য বিস্তার করে এখন প্রথম স্থানে অবস্থান করছে। রোর-এর মিউজিক ভিডিও ইউটিউবে মাত্র দুই সপ্তাহ আগে ছাড়া হলেও ইতিমধ্যে আট কোটি বারের বেশি তা দেখা হয়ে গেছে। বিশ্ববিখ্যাত জনপ্রিয় এ পপগায়িকাকে নিয়ে তাই এবার না লিখলেই নয়।
আজ যিনি কেটি পেরি হিসেবে বিশ্ববিখ্যাত, তাঁর জন্ম হয় ১৯৮৪ সালের ২৫ অক্টোবর। জন্মের পর তাঁর নাম রাখা হয় ক্যাথেরিন এলিজাবেথ ‘কেটি’ হাডসন। তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় জন্মেছিলেন। শৈশবও সেখানেই কাটে।
শৈশব থেকে গান করলেও পপসংগীতে সে সময় খুব একটা সাড়া জাগাতে পারেননি। গোস্পেল সংগীত দিয়েই তাঁর সংগীতজীবনের শুরু হয় কৈশোরে। তখনো তিনি ‘কেটি হাডসন’ নামেই পরিচিত ছিলেন। সেই নাম নিয়েই ২০০১ সালে তাঁর প্রথম একক অ্যালবাম প্রকাশ পায়। এরপর দ্বিতীয় একক অ্যালবামও কেটি হাডসন নামেই হয়। কিন্তু তা আর কেউ বের করেনি।
২০০৭ সালে কেটি হাডসন তাঁর নাম বদলে ‘কেটি পেরি’ রাখেন এবং ক্যাপিটাল রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরবর্তী সময়ে ২০০৮ সালের মধ্যে তিনি বেশ পরিচিতি পেয়ে যান। সেই বছরের জুন মাসে তাঁর দ্বিতীয় অ্যালবাম ওয়ান অব দ্য বয়েজ বের হয়। অ্যালবামটির ‘আই কিসড এ গার্ল’, ‘হট এন কোল্ড’, ‘থিংকিং অব ইয়ু’ ও ‘ওয়েকিং আপ ইন ভেগাস’ গানগুলো সিঙ্গেল হিসেবে ছাড়া হয়। পরবর্তী সময়ে ‘হ্যালো কেটি’ ট্যুরের মাধ্যমে অ্যালবামটির প্রচারণা চালানো হয়।
২০১০ সালে কেটি পেরির তৃতীয় অ্যালবাম টিনেজ ড্রিম বের হয়। এটি ছিল তাঁর সংগীতজীবনের মোড় ঘুরিয়ে দেওয়া অ্যালবাম। এর পাঁচটি গান বিলবোর্ড হট ১০০ গানের তালিকায় শীর্ষস্থানে ছিল। ‘ক্যালিফোর্নিয়া গার্লস’, ‘টিনেজ ড্রিম’, ‘ফায়ারওয়ার্ক’, ‘ই.টি’, ‘লাস্ট ফ্রাইডে নাইট’ (টিজিআইএফ) পাঁচটি গান বিলবোর্ড শীর্ষ তালিকার শীর্ষস্থান দখল করেছিল। এটিই প্রথম কোনো গায়িকার অ্যালবামের ইতিহাসে পাঁচ-পাঁচটি শীর্ষস্থানীয় গানের নজির। তাঁর আগে ১৯৮৭ সালে মাইকেল জ্যাকসনের ব্যাড অ্যালবামটিতে পাঁচটি শীর্ষস্থান দখলকারী গান ছিল। ২০১২ সালে অ্যালবামটি পুনরায় টিনেজ ড্রিম: দ্য কমপ্লিট শিরোনামে বের হয়। তাঁর চতুর্থ অ্যালবাম প্রিজম অক্টোবর মাসে বের হওয়ার কথা। সেই অ্যালবামের সিঙ্গেল হিসেবে ‘রোর’ গানটি ছাড়ার পরই তা সাড়া জাগিয়ে ফেলে। এখন তা বিলবোর্ড শীর্ষ পপ গানের তালিকার প্রথম স্থানটি দখল করে আছে।
কেটি পেরি এখন পর্যন্ত অসংখ্য পুরস্কার ও পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। তিনি নয়টি গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হন। ২০১২ সালে তাঁকে বিলবোর্ডের ‘ওমেন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। তিনি একমাত্র শিল্পী, যাঁর গান ৬৯ সপ্তাহ শীর্ষ দশ গানের মধ্যে ছিল। তাঁর নামে সুগন্ধি বের হয়েছে। পার, মিআও ও কিলার কুইন হলো তাঁর এনডোর্সমেন্টের সুগন্ধি। চলচ্চিত্রে তাঁর অভিষেক ঘটে দ্য স্মার্ফস (২০১১)-এ কণ্ঠ দেওয়ার মধ্য দিয়ে। তাঁর আত্মজীবনীমূলক চলচ্চিত্র কেটি পেরি: পার্ট অব মি ২০১২ সালে বের হয়। সেখানে তাঁর জীবনের অনেক বিষয় উঠে আসে।
২০১১ সালের বিলবোর্ড শীর্ষ অর্থ উপার্জনকারী শিল্পীদের মধ্যে তাঁর অবস্থান ১৪। সে বছর তাঁর ১১ মিলিয়ন ডলারের ওপর আয় হয়েছে।
কেটি পেরি মূলত পপ, ইলেকট্রনিক, ড্যান্স ও রক ধারার গান করেন।
কেটি পেরির যত অ্যালবাম
* কেটি হাডসন (২০০১)
* ওয়ান অব দ্য বয়েজ (২০০৮)
* টিনেজ ড্রিম (২০১০)
* প্রিজম (২০১৩)
মনোয়ারুল হক