কেটি পেরির ‘ডিভোর্স পার্টি’!
প্রত্যেক মানুষের জীবনে বিয়ের দিনটি বিশেষ গুরুত্ব বহন করে। নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। ২৩ অক্টোবর কেটি পেরিও তাঁর জীবনের বিশেষ দিনটি স্মরণ করবেন। তবে বিবাহবার্ষিকী হিসেবে নয়, ওই দিন ‘ডিভোর্স পার্টি’র আয়োজন করবেন তিনি।মার্কিন পপগায়িকা কেটি পেরি আর ব্রিটিশ কৌতুকশিল্পী ও অভিনেতা রাসেল ব্র্যান্ড বিয়ে করেছিলেন ২০১০ সালের ২৩ অক্টোবর। ভারতের রাজস্থানে হিন্দুরীতিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। ভালোবেসে ঘর বাঁধলেও শেষ পর্যন্ত টেকেনি তাঁদের সংসার। ১৪ মাস এক ছাদের নিচে বসবাসের পর তাঁদের দুজনের পথ দুই দিকে চলে যায়। ২৩ অক্টোবর, পেরির প্রথম বিয়ের দিনটি, ঘনিয়ে আসছে। সেদিন মন খারাপ করে না থেকে বন্ধুদের নিয়ে আনন্দে মেতে ওঠার পরিকল্পনা করেছেন ২৭ বছর বয়সী এ গায়িকা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘দ্য সান’। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রাসেলের সঙ্গে বিচ্ছেদের পর ভেঙে পড়েছিলেন পেরি। কিন্তু এখন তিনি অনেক বেশি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে জীবনকে দেখতে চান। আর তাই ২৩ অক্টোবর মনমরা না থেকে ডিভোর্স পার্টির আয়োজন করবেন। সেদিন তাঁর পছন্দের লোকজনকে নিয়ে পছন্দের সব কাজে মেতে উঠবেন তিনি।