কেটি প্যারি ক্যালিফোর্নিয়া গার্লস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহস্পতি তুঙ্গে এখন কেটি প্যারির। ক্যালিফোর্নিয়ার এই তম্বী শুধু তাঁর কণ্ঠ দিয়েই নয়, গান লেখা এবং সুরারোপেও নিজ প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে শ্রোতার হূদয়ে কেটি প্রথম ঢুকে পড়েন তাঁর আই কিস এ গার্ল অ্যালবামটি দিয়ে। ২০০৮ সালে বের হওয়া অ্যালবামটি অল্প সময়েই পপ সিঙ্গেল চার্টে শীর্ষে স্থান করে নেয়। একই বছর বের হয়ওয়ান অব দ্য বয়েজ। এটিও ব্যবসাসফল অ্যালবামের ১ নম্বরে চলে আসে। আর পেছনে তাকাতে হয়নি কেটিকে। সম্প্রতি বেরিয়েছে কেটি প্যারির নতুন অ্যালবাম ক্যালিফোর্নিয়া গার্লস। অ্যালবামটি মুক্তি পাওয়ার সাত সপ্তাহের মধ্যেই ২০ লাখ কপি বিক্রি হয়ে গেছে! সম্প্রতি কোনো শিল্পীর একক অ্যালবাম মুক্তির পর পরই এত অল্প সময়ে বিক্রি হওয়ার ঘটনাটি বিরল। শুধু ইন্টারনেটে পপ গানের রেডিওগুলোতে মুক্তি পাওয়ার পর থেকেই এখনো শীর্ষস্থানে আছে কেটির ক্যালিফোর্নিয়া গার্লস ।বিলবোর্ড টপচার্টের শীর্ষে থাকা কেটির নতুন এ অ্যালবামটি ইতিমধ্যে সারা বিশ্বের শ্রোতাদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে। কেটি বলেন, ‘এ অ্যালবামের প্রতিটি গানই মজার, যা মজা করেই শোনা যাবে।’ পুরো নাম ক্যাথেরিন এলিজাবেথ হাডসন হলেও কেটি প্যারি নামেই বিখ্যাত তিনি। ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় প্যারির জন্ম। সংগীতপ্রেমী মা-বাবার মাধ্যমেই সংগীতে হাতেখড়ি। গিটারের পাশাপাশি অল্প সময়েই বেশ কয়েকটি বাদ্যযন্ত্র বাজানো রপ্ত করে নেন। মাত্র ১৭ বছর বয়সে ২০০১ সালে কেটির প্রথম অ্যালবাম ক্যাটি হাডসন মুক্তি পায় এবং সংগীতাঙ্গনে সাড়া জাগায়। ২০০৪ সালে কেটি গান তৈরির বিখ্যাত প্রতিষ্ঠান দ্য ম্যাট্রিক্সে কাজ শুরু করেন। শুরুটা হয় দ্য ম্যাট্রিক্স ব্যান্ডের প্রধান ভোকাল হিসেবে। এ পর্যন্ত দ্য ব্রিট অ্যাওয়ার্ড, এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড, এনআরজে মিউজিক অ্যাওয়ার্ডসহ ১৩টি পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এ ছাড়া নিজের গান আর অসাধারণ ভিডিওর গুণে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ছয়বার, এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডে চারবার এবং টিন চয়েস অ্যাওয়ার্ডে পাঁচবার পেয়েছেন মনোনয়ন।অভিনয়েও কেটি নিজের প্রতিভাকে তুলে ধরেছেন। ২০০৮ সালে কেটি টিভি শো দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস ও উইল্ডফায়ার-এ অভিনয় করেন। যদিও গানে অন্তঃপ্রাণ কেটি গান নিয়েই এগিয়ে যেতে চান সামনের দিকে। ফ্যাশনসচেতন এ শিল্পী বিশ্বের বিভিন্ন দেশে কনসার্টের মাধ্যমে মাতিয়ে চলছেন বিশ্বকে। আগামী মাসে কেটির টিনেজ ড্রিম নামের আরেকটি অ্যালবাম বাজারে আসার অপেক্ষায়।ভক্তরা আছেন কেটির নতুন অ্যালবামের গান শোনার অপেক্ষায়। নুরুন্নবী চৌধুরীসূত্র: ওয়েবসাইট