কেটি হোমসের নতুন প্রেম!
টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর সম্ভবত নতুন মনের মানুষের সন্ধান পেয়েছেন মার্কিন অভিনেত্রী কেটি হোমস। সাম্প্রতিক একদিন মধ্যরাতে তাঁর বাড়িতে রহস্যময় এক পুরুষকে দেখা যাওয়ার পর এমন খবর চাউর হয়েছে হলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, ক্রুজের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর মেয়ে সুরি ক্রুজকে নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে উঠেছেন ৩৪ বছর বয়সী কেটি। সাম্প্রতিক একদিন রাত দুইটার দিকে রহস্যময় এক পুরুষকে ওই অ্যাপার্টমেন্টে দেখা গেছে। সূত্রটি আরও জানিয়েছে, অ্যাপার্টমেন্টের লবিতে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন নতুন এই জুটি। সে সময়ের হূদ্যতা দেখে তাঁদের প্রেমিকযুগল বলেই মনে হয়েছে। রহস্যময় এই পুরুষের পরনে ছিল সবুজ রঙের কোট এবং বিখ্যাত কোল হ্যান ব্র্যান্ডের দামি জুতা। তাঁকে বিদায় জানাতে লিফট পর্যন্ত আসেন কেটি। পরে তিনি স্মিত হেসে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে ফিরে যান।অবশ্য, কেটির জীবনে নতুন প্রেমিক আসার খবরকে ভিত্তিহীন গুজব বলেই দাবি করেছেন কেটির কাছের মানুষজন। তাঁদের দাবি, রহস্যময় যে পুরুষের কথা বলা হচ্ছে, তিনি আসলে কেটির ভালো একজন বন্ধু। বন্ধুত্বের বাইরে তাঁদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক নেই।