কেটিকে ফিরে পেতে সায়েন্টোলজি ছাড়ছেন ক্রুজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েন্টোলজি ধর্মের কারণেই পর পর দুবার বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজকে। তাঁর এই ধর্মবিশ্বাসের কারণে নিকোল কিডম্যানের পর কেটি হোমসও ছেড়ে গেছেন তাঁকে। আদালতের রায়ে একমাত্র মেয়ের দেখভালের দায়িত্ব পাওয়ায় কেটির কাছেই থাকছে সুরি ক্রুজ। বিচ্ছেদের পর সম্প্রতি ক্রুজ মরিয়া হয়ে উঠেছেন কেটিকে ফিরে পেতে। এ জন্য সায়েন্টোলজি ধর্ম ছাড়ার প্রস্তুতিও নিয়ে ফেলেছেন ৫০ বছর বয়সী এ তারকা। ২০০৬ সালের নভেম্বরে ইতালিতে সায়েন্টোলজি ধর্মের রীতি মেনে কেটি হোমসকে বিয়ে করেছিলেন ক্রুজ। প্রচলিত আছে, পাত্রী নির্বাচন থেকে শুরু করে বিয়ের সব আয়োজনই করেছিল চার্চ অব সায়েন্টোলজি। সাড়ে পাঁচ বছর সংসার করার পর চলতি বছরের ২৯ জুন বিচ্ছেদের আবেদন করেন কেটি। গত ৯ জুলাই তৃতীয়বারের মতো বিচ্ছেদপত্রে সই করতে বাধ্য হন ক্রুজ। বিচ্ছেদের কারণ হিসেবে ক্রুজের সায়েন্টোলজি ধর্মবিশ্বাসকেই দায়ী করেন কেটি। তাঁর আশঙ্কা ছিল, একমাত্র মেয়ে ছয় বছরের সুরিকেও এ ধর্মে দীক্ষিত করবেন ক্রুজ। মূলত এ কারণেই ক্রুজের সঙ্গে বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন কেটি হোমস। এক খবরে এমন তথ্য জানিয়েছে ডেইলি মিরর। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সায়েন্টোলজি ধর্মবিশ্বাসের কারণে ক্রুজের পেশাজীবন খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও তাঁর ব্যক্তিজীবনের নিদারুণ ক্ষতি হয়। একবার নয়, পর পর দুবার একই কারণে বিচ্ছেদের মতো কঠিন পথে হাঁটতে হয়েছে তাঁকে।’ সূত্রটি আরও জানিয়েছে, কেটির কাছ থেকে বিচ্ছেদের কাগজপত্র হাতে পাওয়ার পর ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হন ক্রুজ। তিনি কেটিকে হারানোর পর নিজেকে একজন চরম ব্যর্থ মানুষ ভাবতে থাকেন। মূলত এর পর থেকেই সায়েন্টোলজি ধর্মের ওপর থেকে মন উঠে যায় তাঁর এবং এ ধর্মবিশ্বাস থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।’টম ক্রুজ ১৯৮৭ সালে তাঁর চেয়ে সাত বছরের বড় মার্কিন অভিনেত্রী মিমি রজার্সকে বিয়ে করেন। প্রথম স্ত্রীর কাছেই তিনি সায়েন্টোলজি ধর্মের সন্ধান পেয়েছিলেন। ১৯৯০ সালে সায়েন্টোলজি ধর্মে দীক্ষা নেন ক্রুজ। সে বছরই মিমি রজার্সের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়। একই বছরের ডিসেম্বরে তিনি অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানকে বিয়ে করেন। ১০ বছর সংসার করার পর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। এই বিচ্ছেদের জন্য দায়ী করা হয় ক্রুজের সায়েন্টোলজি ধর্মবিশ্বাসকে।