কেটির আগে ক্রুজের প্রেমিকা ছিলেন নাজানিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছরের সংসার। সে সংসার ভেঙেও গেল। কিন্তু কেটি হোমস ও টম ক্রুজের প্রথম সাক্ষাতের বিষয়টি আজ পর্যন্ত রহস্যই রয়ে গেছে। চার্চ অব সায়েন্টোলজিই যে ক্রুজের জন্য কেটিকে খুঁজে দিয়েছিল, তা ইদানীং বেশ ফলাও করে প্রচারিত হয়েছে। বিষয়টি যদি সত্যি হয়, তাহলে কেটিই প্রথম নারী নন যাঁকে ক্রুজের জন্য খুঁজে দিয়েছিল চার্চ অব সায়েন্টোলজি। সম্প্রতি এক খবরে ‘ভ্যানিটি ফেয়ার’ ম্যাগাজিন দাবি করেছে, কেটির আগে ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদিকে ক্রুজের প্রেমিকা নির্বাচন করেছিল চার্চ অব সায়েন্টোলজি।২০০৫ সালের এপ্রিলে প্রণয়ে জড়িয়েছিলেন টম ক্রুজ ও কেটি হোমস। এর কয়েক মাস আগে ক্রুজের জন্য প্রেমিকা নির্বাচনের দায়িত্ব নিয়েছিল চার্চ অব সায়েন্টোলজি। আর এ ক্ষেত্রে পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন সায়েন্টোলজি ধর্মে বিশ্বাস করেন এমন অভিনেত্রীরা। এ রকম বেশ কয়েকজন অভিনেত্রীর সাক্ষাত্কারও নেওয়া হয়েছিল। ওই সময় সবার কাছেই টম ক্রুজ সম্পর্কে তাঁদের ভাবনার কথা জানতে চাওয়া হয়েছিল। শেষ পর্যন্ত এ পরীক্ষায় উত্তীর্ণ হন লন্ডনে বেড়ে ওঠা বোনিয়াদি। ক্রুজকে পাওয়ার জন্য বোনিয়াদিকে একটি চুক্তিতেও স্বাক্ষর করতে হয়। এক মাস পর নিউইয়র্ক শহরের নবু রেস্তোরাঁয় প্রথমবারের মতো ‘মিশন ইমপসিবল’ তারকা টম ক্রুজের সাক্ষাত্ পান বোনিয়াদি। সেখানে একসঙ্গে নৈশভোজ সারেন তাঁরা। নবু রেস্তোরাঁয় ক্রুজের সঙ্গে চার্চ অব সায়েন্টোলজির একজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বোনিয়াদির ভাষ্য, ‘সেদিন মনে হচ্ছিল, সম্ভবত আমার সামনে “অ্যারেঞ্জড ম্যারেজ” অপেক্ষা করছে।’নবু রেস্তোরাঁয় নৈশভোজ শেষে নিউইয়র্কের রকফেলার সেন্টারে আইস স্কেটিং করতে চলে যান ক্রুজ ও বোনিয়াদি। সেখান থেকে গভীর রাতে তাঁরা যান ট্রাম্প টাওয়ারে। সেখানে একটি ঘরে রাত কাটায় এই জুটি। অবশ্য সেদিন তাঁদের মধ্যে আলাপচারিতার বাইরে আর কিছু হয়নি বলে দাবি করেছে একাধিক সূত্র। ওই দিন আরেকটি চুক্তিতে স্বাক্ষর করতে হয় বোনিয়াদিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জীবনে এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি।’ধীরে ধীরে ক্রুজের প্রেমে পড়েন বোনিয়াদি। ক্রুজ তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং একই শয়নকক্ষে থাকা শুরু করেন। ক্রুজের প্রযোজনা সংস্থার নামে বোনিয়াদিকে একটি ক্রেডিট কার্ডও করে দেওয়া হয়। কিন্তু স্থায়ী হয়নি ক্রুজ-বোনিয়াদির সম্পর্ক। একদিন বোনিয়াদিকে উদ্দেশ করে ক্রুজ বলেন, ‘আমি তোমার কাছ থেকে যে ভালোবাসা পাই, তার চেয়ে ঢের বেশি ভালোবাসা পাই চলচ্চিত্রে খুব নগণ্য ভূমিকায় অভিনয়ের জন্য নিয়োজিত কোনো নারীর কাছ থেকে।’২০০৫ সালের জানুয়ারিতে ক্রুজের বাড়ি থেকে চলে যান বোনিয়াদি। তাঁকে হলিউডে অবস্থিত সায়েন্টোলজি’স সেলিব্রেটি সেন্টারে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। সেখানেই বোনিয়াদি প্রথম জানান, তিনি আর ক্রুজের প্রেমিকা হয়ে থাকতে চান না। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘ক্রুজের প্রেমিকা হয়ে থাকতে চাই না আমি। কারণ, তিনি নিকোল কিডম্যানের মতো ক্ষমতাশালী কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান।’ তাঁকে সান্ত্বনা দিতে চার্চ অব সায়েন্টোলজির একজন কর্মকর্তা বলেন, ‘নাজ, তুমি হয়তো একটি ঘোড়াকে জলের কাছ পর্যন্ত নিতে পারবে, কিন্তু তাকে কখনোই তা পান করাতে পারবে না।’পরবর্তী সময়ে ফ্লোরিডায় অবস্থিত সায়েন্টোলজি ফ্যাসিলিটি সেন্টারে পাঠানো হয় বোনিয়াদিকে। সেখানে থাকার সময় তিনি একদিন কান্নায় ভেঙে পড়েন এবং এক বন্ধুর কাছে ক্রুজের সঙ্গে সংক্ষিপ্ত প্রেমের বর্ণনা দেন। প্রেমে ব্যর্থ হওয়ায় তাঁকে অদ্ভুত সব শাস্তি দেওয়া হয়েছে বলেও জানান বোনিয়াদি। তিনি বলেন, ‘শাস্তি হিসেবে দাঁত মাজার ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করেছি, এসিড দিয়ে স্নানঘরের টাইলস ধুয়েছি। এমনকি মধ্যরাতে আমাকে দিয়ে গর্তও খোঁড়ানো হয়েছে। সায়েন্টোলজির প্রবর্তক এল রন হাবার্ডের “ডাইনেটিকস” বই বিক্রি করতেও বাধ্য হয়েছি আমি।’ অবশ্য চার্চ অব সায়েন্টোলজির পক্ষ থেকে বোনিয়াদিকে শাস্তি দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলা হয়েছে, ‘চার্চ কখনোই মানুষকে শাস্তি দেয় না, বিশেষ করে এ রকম নিষ্ঠুর পন্থায় তো নয়ই।’ক্রুজের প্রেমিকা হিসেবে বোনিয়াদির দায়িত্ব পালনের তিন মাস পর ২০০৫ সালের এপ্রিলে ক্রুজের জীবনে আসেন হলিউডের অভিনেত্রী কেটি হোমস। ওই সময় ইউরোপে ‘ওয়ার অব দ্য হর্স’ ছবির প্রচারণার কাজ করছিলেন ক্রুজ। বোনিয়াদি ব্যর্থ হলেও কেটি ঠিকই জিতে নেন ক্রুজের মন। এক বছর বাদে ২০০৬ সালের এপ্রিলে কন্যা সুরির জন্ম দেন কেটি। এর ছয় মাস পর ১৮ নভেম্বর ইতালিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কেটিকে বিয়ে করেন ক্রুজ। স্বামী-সন্তান নিয়ে সুখেই সংসার করতে থাকেন কেটি। কিন্তু বিয়ের পাঁচ বছরের মাথায় এ বছরের ২৯ জুন হঠাত্ করেই বিচ্ছেদের আবেদন করে তিনি সবাইকে চমকে দেন। ক্রুজের ৫০তম জন্মদিনের মাত্র কয়েক দিন আগে তিনি এই কাণ্ড ঘটান। ওই সময় আইসল্যান্ডে একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন ক্রুজ। বিচ্ছেদের আবেদনের দুই মাস পর আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁদের। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী একমাত্র মেয়ে সুরির দেখভালের সম্পূর্ণ দায়িত্ব পান কেটি। যে সায়েন্টোলজির কারণে ক্রুজকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছিলেন, সেই সায়েন্টোলজির দোহাই দিয়ে ক্রুজের কাছ থেকে দূরে সরে যান কেটি। বিচ্ছেদের অন্যতম কারণ হিসেবে তিনি সায়েন্টোলজিকেই দায়ী করেন। ছয় বছর বয়সী একমাত্র মেয়ে সুরি যাতে কোনোভাবেই সায়েন্টোলজি ধর্মে দীক্ষিত হতে না পারে, মূলত সে জন্যই ক্রুজের সঙ্গে বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নেন কেটি। বিখ্যাত কল্পবিজ্ঞান গল্পের লেখক এল রন হাবার্ডের কিছু আদর্শ নিয়ে ১৯৫২ সালে প্রথম সায়েন্টোলজি ধর্মের উদ্ভব। এর পরের বছর প্রতিষ্ঠিত হয় চার্চ অব সায়েন্টোলজি। মূলত হাবার্ডের ‘ডাইনেটিকস’ বইয়ের চিন্তাভাবনার ওপর ভিত্তি করে নতুন এ ধর্মের প্রবর্তন। ডাইনেটিকস হলো শরীরের সঙ্গে মন বা আত্মার একটি সম্পর্ক। ডাইনেটিকসের উদ্দেশ্য হলো মানুষের মন বা আত্মার কিছু চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা, যার জন্য মানুষ কষ্ট পায়। কোনোভাবে যদি এ থেকে মুক্তি মিলে যায়, তাহলে মানুষের জীবন হয়ে ওঠে অনেক সুন্দর। সায়েন্টোলজি ধর্মের অনুসারীরা এ আদর্শই মেনে চলেন জীবনে। তাঁদের মতে, এই ধর্ম হলো সত্যকে খোঁজার ধর্ম। পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি, হলিউডের তারকা এ ধর্মে দীক্ষা নিয়েছেন। এর মধ্যে রয়েছেন টম ক্রুজ, জন ট্রাভোল্টা, অভিনেতা জ্যাসন লি থেকে শুরু করে জেমস প্যাকারের মতো বিলিয়নিয়াররা।