কেটের অর্ধনগ্ন ছবি তোলায় গ্রেপ্তার হচ্ছেন আলোকচিত্রী
‘ক্লোজার’ ম্যাগাজিনের ফরাসি সংস্করণে গত সেপ্টেম্বরে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের অর্ধনগ্ন ছবি ফাঁস হওয়ার পর বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ডিউক ও ডাচেস অব কেমব্রিজের ব্যক্তিগত জীবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফ্রান্সের আদালতে মামলা করা হয়। আদালত মামলার পক্ষেই রায় দেন। যে আলোকচিত্রী লুকিয়ে কেট ও উইলিয়ামের একান্ত মুহূর্তের ছবি তুলেছিলেন, তাঁকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সের বিচার বিভাগীয় পুলিশ।এরই মধ্যে তদন্তকারী কর্মকর্তাদের হাতে চলে এসেছে অভিযুক্ত আলোকচিত্রীর নাম। শিগগিরই গ্রেপ্তার করা হবে তাঁকে। অভিযোগ সত্য প্রমাণিত হলে তাঁর এক বছরের কারাদণ্ড এবং ৩৬ হাজার পাউন্ড জরিমানা হতে পারে। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে ডেইলিমেইল।ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, শিগগিরই ওই আলোকচিত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে। ফ্রান্সে রানি এলিজাবেথের ভাগনে লর্ড লিনলির মালিকানাধীন শ্যাতোতে ছুটি কাটাতে গেলে কেট ও উইলিয়ামের পিছু নেওয়ার জন্য আলোকচিত্রী ভাড়া করেছিলেন ‘ক্লোজার’ ম্যাগাজিনের একজন নারী সম্পাদক লরেন্স পিউ। কাজ হাতে পেয়ে ওই আলোকচিত্রী কেট ও উইলিয়ামের শতাধিক ঘনিষ্ঠ ছবি তোলেন। ক্যামেরায় শক্তিশালী লেন্স লাগিয়ে অনেক দূর থেকে ছবিগুলো তোলায় কেট ও উইলিয়াম বিষয়টি টের পাননি। প্রথমে ফ্রান্সের ‘ক্লোজার’ ম্যাগাজিনে এবং পরে ইতালি, আয়ারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশের অসংখ্য ম্যাগাজিন ও ওয়েবসাইটে ছবিগুলো ফাঁস হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ওই আলোকচিত্রীকে গ্রেপ্তারের দাবি তোলেন প্রিন্স উইলিয়াম এবং এই দাবি পূরণে আপাতদৃষ্টিতে কোনো বাধাও নেই। কারণ, পুরো ইউরোপের মধ্যে প্রাইভেসি আইন ফ্রান্সেই সবচেয়ে বেশি কঠোর। পরবর্তী সময়ে নিজের পক্ষে সাফাই গেয়ে লরেন্স পিউ বলেন, ‘আমি ওই আলোকচিত্রীর নাম প্রকাশ করতে চাই না। কারণ, ফরাসি আইন অনুযায়ী আলোকচিত্রীদের সাংবাদিক হিসেবেই বিবেচনা করা হয় এবং তাঁদের পরিচয় গোপন রাখার বিধান রয়েছে।’ লরেন্স আরও বলেন, ‘এ ছাড়া ছবি ফাঁসের ঘটনায় কেট ও উইলিয়াম বাড়াবাড়ি করছেন বলেই মনে করি আমি। কারণ, হেয় করার উদ্দেশ্যে ছবিগুলো তোলা কিংবা প্রকাশ করা হয়নি। ছবিগুলোতে একে-অন্যের প্রতি তাঁদের প্রগাঢ় ভালোবাসা ফুটে উঠেছে এবং কেটকে অনেক বেশি সুন্দর ও হাশিখুশি দেখাচ্ছে। কাজেই এটা নিয়ে জল এতটা ঘোলা করার কোনো মানে হয় না।’ লরেন্স যতই উচ্চবাচ্য করুন না কেন, শেষমেশ ঠিকই ওই আলোকচিত্রীর নাম চলে এসেছে তদন্তকারী কর্মকর্তাদের কাছে। গ্রেপ্তারের পর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে তাঁকে—এমনটাই প্রত্যাশা সবার।