কেটের পক্ষে আদালতের রায়
গত সপ্তাহে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটনের খোলামেলা ছবি প্রকাশ করায় ক্লোজার ম্যাগাজিনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল ফ্রান্সে। আদালত এ মামলায় কেট ও তাঁর স্বামী যুবরাজ উইলিয়ামের পক্ষেই রায় দিয়েছেন। ১৮ আগস্ট মঙ্গলবার ফ্রান্সের একটি আদালত এ রায় দিয়েছেন। রায়ে বলা হয়েছে, ছবিগুলো অবশ্যই ক্লোজার ম্যাগাজিনের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলতে হবে। এছাড়া আজ বুধবার বিকেলের মধ্যেই সব ছবির ডিজিটাল কপি কেট এবং উইলিয়ামকে ফিরিয়ে দিতে হবে। এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ। মামলার রায়ে আরো বলা হয়, ভবিষ্যতে প্রিন্ট, অনলাইন কিংবা অন্য কোথাও কেটের ছবিগুলো ছাপানো যাবে না। এছাড়া অন্য কোনো ম্যাগাজিন কিংবা খবরের কাগজকেও ছবিগুলো সরবরাহ করতে পারবে না ক্লোজার ম্যাগাজিন। শুধু তাই নয়, এই মামলা চালাতে কেট-উইলিয়ামের যাবতীয় ব্যয় নির্বাহের আদেশও দেওয়া হয়েছে ম্যাগাজিনটিকে।মামলার রায় ঘোষণা হওয়ার পর কেট এবং উইলিয়ামের পক্ষে তাঁদের মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ‘বিচারকের এই রায়কে স্বাগত জানিয়েছেন ডিউক এবং ডাচেস অব কেমব্রিজ।’অবশ্য আদালতের এই রায় কেবল ফ্রান্সেই প্রযোজ্য হবে। কিন্তু ইতিমধ্যেই ইতালি ও আয়ারল্যান্ডের আরো দুটি ম্যাগাজিন কেটের খোলামেলা ছবিগুলো প্রকাশ করে ফেলেছে। ২০১১ সালের এপ্রিলে কেট মিডলটনকে বিয়ে করেন যুবরাজ উইলিয়াম। কিছুদিন আগে ফ্রান্সে রানি এলিজাবেথের ভাগনে লর্ড লিনলির শ্যাতোতে ছুটি কাটাতে গিয়েছিলেন কেট মিডলটন ও যুবরাজ উইলিয়াম। সেখানে অবকাশ যাপনরত এ দম্পতির একান্ত মুহূর্তের খোলামেলা ছবি প্রকাশ করে ক্লোজার ম্যাগাজিন। ক্যামেরায় শক্তিশালী লেন্স লাগিয়ে অনেক দূর থেকে ছবিগুলো তোলায় কেট ও উইলিয়াম বিষয়টি টের পাননি। পরবর্তীতে ডিউক ও ডাচেস অব কেমব্রিজের ব্যক্তিগত জীবনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ক্লোজার ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশকদের বিরুদ্ধে ফ্রান্সে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে ফরাসি আইনজীবী জঁ ফ্রেডেরিক জানান, ‘ফ্রান্সের প্রাইভেসি আইনের আওতায় এ মামলার বিচার কার্যক্রম চলবে। পুরো ইউরোপের মধ্যে এই আইন ফ্রান্সে সবচেয়ে বেশি কঠোর।’ প্রসঙ্গত, যুক্তরাজ্যের বিনোদন ম্যাগাজিন ক্লোজারের ফরাসি সংস্করণ প্রকাশিত হয় ইতালির সাবেক প্রেসিডেন্ট ও ধনাঢ্য মিডিয়া ব্যবসায়ী সিলভিও বেরলুসকোনির প্রকাশনা সংস্থা থেকে।