কেদারায় কে দাঁড়ায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অফিসে নিজের চেয়ারটি আপনার কাছে কতখানি প্রিয়? প্রিয় কিংবা অপ্রিয় যা-ই হোক, যদি বলা হয়, এখন থেকে চেয়ারে না বসে দাঁড়িয়ে কাজ করতে হবে, মানবেন? নিশ্চয়ই তুমুল প্রতিবাদ করে বসবেন আপনি। অধিকাংশ চাকরিজীবীই অফিসে নিজের চেয়ারে বসেই গা এলিয়ে দেন। সে ক্ষেত্রে আরামদায়ক চেয়ার থাকা সত্ত্বেও প্রতিদিন নয়টা-পাঁচটা দাঁড়িয়ে কাজ করার প্রস্তাব ‘উদ্ভট’ মনে হতেই পারে।
আসুন, পরিচিত হই যুক্তরাষ্ট্রের ফাস্ট কোম্পানির ওয়েব ডিজাইনার সিয়া বারনেইলসের সঙ্গে। ঝাঁ-চকচকে মনোরম অফিসে এক বছর ধরে দাঁড়িয়েই কাজ করছেন তিনি। অবশ্য একে ঠিক পুরোপুরি ‘দাঁড়িয়ে থাকা’ বলা যায় না। দাঁড়িয়ে কাজ করার জন্য একটি বিশেষ চেয়ারের নকশা করেছেন তিনি। এই চেয়ারে খানিকটা ঠেস দিয়ে দাঁড়ানোর সুযোগ আছে। সিয়া বারনেইলস বলেন, ‘দীর্ঘসময় বসে কাজ করলে ঘাড় আর মেরুদণ্ডের ক্ষতি হয়। সে ক্ষেত্রে আমার এই বিশেষ চেয়ার খুবই আরামদায়ক, উপকারীও। শরীরের ওজন সমান ভাগে ভাগ হয়ে যায়। তাই কোথাও বাড়তি চাপ পড়ে না।’ বিশেষভাবে তৈরি সিয়ার এই চেয়ারে পা রাখার জায়গাও রয়েছে। তবে এমন চেয়ার ব্যবহার করতে হলে আপনার টেবিলটা কিছুটা উঁচু করে নিতে হবে। ডেইলিমেইল।

গ্রন্থনা: মো. সাইফুল্লাহ