কেন দূরে থাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার
সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার

রাত ভোর হওয়ার আগেই তাঁকে নিয়ে খবর বদলে যায়। এ হচ্ছে সেই তারকা, যাকে অনুসরণ করতে রীতিমতো দৌড়ের ওপর থাকতে হয় পাপারাজিদের। দুপুরের কাহিনি বাসি হয়ে পড়ে বিকেলে, সন্ধ্যায় সেটা নেয় নতুন উত্তাপ। এ হচ্ছে বিশ্বসংগীতের চঞ্চলতম তারকা জাস্টিন বিবার।
এমন তারকাকে নিয়ে যা সব রটনা, সেসবে বিশ্বাস রাখাও মুশকিল। কিন্তু যা রটে তা কত শতাংশেই বা অবিশ্বাস করা যায়! ফলে গ্র্যামিজয়ী জাস্টিন বিবারকে ঘিরে ঘটতে থাকা ঘটনাগুলো তাঁর গানগুলোর মতোই উড়তে থাকে শ্রোতা ও ভক্তদের চোখের ওপর দিয়েই। এরই মধ্যে তাঁদের কাছে আরও একবার উজ্জ্বল হয়ে ধরা দিয়েছেন বিবার। জানিয়ে দিয়েছেন, তিনি বিক্রয়যোগ্য নন। ঘটনা যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে। নানা উপায়ে নির্বাচনী প্রচারণা চালাতে শুরু করেছেন প্রার্থীরা। এসবের মধ্যে নাকি বিবারকেও যুক্ত করতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের লোকেরা। মাত্র ৪০ মিনিট নেচেগেয়ে লোক জড়ো করে দিতে বলা হয়েছিল তাঁকে। লোক এলে পরে বক্তৃতা দেবেন ট্রাম্প ও তাঁর স্ত্রী। এই হচ্ছে বিবারের জনপ্রিয়তা। প্রেসিডেন্ট প্রার্থীর জন্য লোক ডেকে দিতে হচ্ছে তাঁকে! আর সেই ৪০ মিনিটের জন্য তাঁকে প্রস্তাব করা হয়েছিল ৫ মিলিয়ন মার্কিন ডলার। বাতাসে হাত ছুড়ে বিবার জানিয়ে দিয়েছেন, ভাগো।
এই তো সেদিনের ছেলে। ‘বেবি’ গানটি দিয়ে বিশ্বের সংগীতপ্রেমী তরুণীদের মন কেড়ে নিতে শুরু করেছেন কদিন হলো। এখনো পথচলার পুরোটাই বাকি। সেই ছেলে নাকি সম্প্রতি নিজের শেষকৃত্যের আয়োজন শুরু করে দিয়েছেন। শেষকৃত্যের জন্য ২৪ কোটি টাকা আলাদা করে রেখেছেন। বলে দিয়েছেন, সমাধির ওপরে সৌরবিদ্যুচ্চালিত ডিজিটাল পর্দা রাখতে হবে, যেখানে তাঁর গানগুলো বাজবে। শেষকৃত্যের আয়োজনে নিজের কীর্তি প্রচারের জন্য রাখা হবে ত্রিমাত্রিক হলোগ্রামযুক্ত পর্দা। হয়তো সেখানে চলতে থাকবে তাঁর ‘সরি’, ‘প্রে’, ‘লাভ ইয়োরসেলফ’ ও ‘নেভার সে নেভার’ গানের ভিডিওগুলো। ছেলের এসব কাণ্ডকারখানার কথা শুনে তাঁর মায়ের চোখ কপালে।
গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী এ সংগীত তারকার কথা উঠলেই চলে আসে সেলেনা গোমেজের কথা। তাঁর এই সাবেক প্রেমিকা আজও বিবারের ঘোর কাটাতে পারেননি। সম্প্রতি মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটে রহস্যময় এক টুকরো ভিডিও পোস্ট করেছেন সেলেনা। তাতে একচিলতে গান। গানটা সেলেনার নয়, বিবারের। মন দিয়ে শুনলে মনে হবে, হ্যাঁ এটা বিবারের ‘লেট মি লাভ ইউ’ গানের সুর। মনে হচ্ছে সাবেক প্রেমিককে আবারও কাছে টানার চেষ্টা। কাছে টানতে পারলে একটা যৌথ গান করে ফেলবেন হয়তো। সময়টা যৌথ সংগীতের। এই খবরের নিচেই এক পাঠক মন্তব্য করেছেন, ‘বিচ্ছিন্ন হয়ে দুজনেই ভীষণ কষ্টে আছে। যেকোনো সময় তাঁরা আবারও একত্র হলে অবাক হওয়ার কিছু নেই। প্রেমিক বলে কথা, কেন দূরে থাকা!’
হলিউড লাইফ, মিরর, টিএমজেড অবলম্বনে