
মুষ্টিবদ্ধ হাত দুটি ওপরের দিকে ঝাঁকালেন সজোরে। যাকে বলে বিশ্বজয়ের ভঙ্গি। কেন লোচ যেন বুঝিয়ে দিতে চাইলেন, চুলে পাক ধরলেও এখনো যেকোনো তরুণকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার শক্তি রাখেন। কান সময় ২২ মে রাতে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হাত দশেক দূর থেকে কেন লোচের বিজয় উদ্যাপন দেখছি আর আফসোসে মরে যাচ্ছি। মিনিট বিশেক আগেই লালগালিচায় আমার পাশ দিয়ে হেঁটে গেছেন যুক্তরাজ্যের এই বর্ষীয়ান নির্মাতা। তাঁর সঙ্গে কেন দুটো কথা বললাম না!
‘আমরা তবু আশাবাদী। আমরা বলতে পারি, অন্য রকম একটা পৃথিবী গড়া খুবই সম্ভব এবং সেটা খুবই জরুরি।’ হলিউড অভিনেতা মেল গিবসনের হাত থেকে আই, ড্যানিয়েল ব্লেইক ছবির জন্য কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে বড় পুরস্কার পাম দ’র হাতে নিয়ে এভাবেই বললেন এই নির্মাতা। এবারের স্বর্ণ পাম বিজয় যে তাঁর কাছে পুরোপুরি অপ্রত্যাশিত, চেপে রাখেননি সেটাও। বলেছেন, ‘আমি অভিভূত ও তাজ্জব!’ দ্বিতীয় দফায় স্বর্ণ পাম জিতে কেন লোচ ইতিহাসের পাতায় আরও বড়সড় করে লেখালেন তাঁর নাম। এর আগে দ্য উইন্ড দ্যাট শেইকস দ্য বার্লি ছবি দিয়ে ২০০৬ সালে প্রথম স্বর্ণ পাম জিতেছিলেন তিনি।
যুক্তরাজ্যের নিউ ক্যাসলের বাসিন্দা ৫৯ বছর বয়সী ড্যানিয়েল ব্লেইক। কাজকর্মে ভালোই দিন চলছিল তাঁর। কিন্তু আচমকা হার্ট অ্যাটাকের পর অসহায় হয়ে পড়েন ব্লেইক। জীবনে প্রথমবারের মতো রাষ্ট্রের সহায়তা চাইতে বাধ্য হন তিনি। কিন্তু বাধা হয়ে আসে আমলাতান্ত্রিক জটিলতা। এর মধ্যে তাঁর ঘনিষ্ঠতা হয় কেটি নামের এক নারীর সঙ্গে। আই, ড্যানিয়েল ব্লেইক ছবির গল্পটা এ রকম।
এবারের উৎসবে টোনি আর্ডমান, নিয়োন ডেমোন, হুলিয়েতা, ইটজ অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড, গ্র্যাজুয়েশন, সিয়েরানেভাদা—এসব ছবিই ছিল পাদপ্রদীপের আলোয়। ফিপ্রেসকি পুরস্কার জেতার পর জার্মানির টোনি আর্ডমান ছবিটির স্বর্ণ পাম জেতার সম্ভাবনা আরও বেশি প্রবল মনে হচ্ছিল। কিন্তু শেষবেলায় বড় ধরনের চমকই দেখালেন জর্জ মিলার, ডোনাল্ড সাদারল্যান্ড, ক্রিস্টেন ডান্সট, লাজলো নেমেসের মতো বিচারকেরা। পুরস্কার অনুষ্ঠান-পরবর্তী সংবাদ সম্মেলনে টোনি আর্ডমান উৎসবের প্রশংসিত অন্য ছবিগুলোর মধ্যে কেন নেই, সেই ব্যাখ্যাও দিয়েছেন জর্জ মিলার। বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি অন্য কোনো দিকে না তাকিয়ে আমাদের কাজটা করে যেতে। বিচারক হিসেবে বলতে পারেন প্রতিযোগিতা বিভাগের সব ছবিকেই সম্ভাবনার তালিকায় রেখেছিলাম।’
আবারও জেভি দোল্যঁ
মমি ছবি দিয়ে সেই ২০১৪ সালে জিতে নিয়েছিলেন দর্শকদের মন। জিতেছিলেন জুরি পুরস্কার। এবারে আরও একধাপ ওপরে। কানাডার তরুণ নির্মাতা জেভি দোল্যঁ তাঁর ইটজ অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড দিয়ে জিতে নিয়েছেন উৎসবের দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি। অন্যদিকে শেষবেলায় প্রদর্শিত ইরানের অস্কার বিজয়ী পরিচালক আসগর ফরহাদির ছবি দ্য সেলসম্যান জিতেছে দুটি পুরস্কার—সেরা চিত্রনাট্য (আসগর ফরহাদি) এবং সেরা অভিনেতা (শাহাব হোসাইনি)।

এক নজরে বিজয়ীরা
পাম দ’র: আই, ড্যানিয়েল ব্লেইক (কেন লোচ)
গ্রাঁ প্রি: জেভি দোল্যঁ (ইটজ অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড)
সেরা পরিচালক: ক্রিস্তিয়ান মুংগিউ (গ্র্যাজুয়েশন) এবং অলিভিয়ার আসায়াস (পারসোনাল শপার),
সম্মানসূচক পাম দ’র: জঁ পিয়ের লদ
জুরি পুরস্কার: আন্দ্রিয়া আরনল্ড (আমেরিকান হানি)
সেরা চিত্রনাট্য: আসগর ফরহাদি (দ্য সেলসম্যান)
সেরা অভিনেত্রী: জ্যাকলিন জোস (মা রোসা)
সেরা অভিনেতা: শাহাব হোসাইনি (দ্য সেলসম্যান)
সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি: টাইম কোড
ক্যামেরা দ’র: ডিভাইনস (পরিচালক হাউদা বেনিয়ামিন)