কেন্দ্রীয় গণগ্রন্থাগারে 'জীবন ঢুলী'

প্রেক্ষাগৃহে নয়, তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র জীবন ঢুলী শুরুতেই প্রদর্শন করা হবে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। তানভীর মোকাম্মেলের সহকারী ওয়াসিউদ্দিন আহমেদ জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে টানা এই প্রদর্শনী চলবে এক সপ্তাহ। এরপর ২১ ফেব্রুয়ারি থেকে আট দিন ছবিটির প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে। আর প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হবে আরও পরে। এভাবেই জীবন ঢুলীর প্রদর্শনীর পরিকল্পনা করছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কিনো-আই ফিল্মস। সরকারি অনুদানে তৈরি হয়েছে ছবিটি।
ওয়াসিউদ্দিন আহমেদ আরও জানান, ভারতের দুটি উৎসবে প্রদর্শন করা হবে জীবন ঢুলী। ১৪তম শিলিগুড়ি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসেবে নির্বাচিত হয়েছে ছবিটি। উৎসব শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি। ষষ্ঠ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে ছবিটি ৪ ফেব্রুয়ারি প্রদর্শন করা হবে। সব কটি প্রদর্শনীতেই উপস্থিত থাকবেন পরিচালক তানভীর মোকাম্মেল।
এদিকে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি জানান, গত সোমবার কলকাতার গোর্কি সদনে জীবন ঢুলীর বিশেষ প্রদর্শনীর আয়োজন করে আইজেনস্টাইন সিনে ক্লাব। এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, দেবেশ রায়, অরুণ সেন, অলোকরঞ্জন দাশগুপ্ত, তানভীর মোকাম্মেলসহ আরও অনেকে।