কেন্দ্রীয় শহীদ মিনারে বলিউড তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় শহীদ মিনারে যশপাল শর্মা। ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে যশপাল শর্মা। ছবি: প্রথম আলো

মহান স্বাধীনতা দিবসে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সেলফি তুলেছেন বলিউড তারকা যশপাল শর্মা। খুলনা থেকে তিনি আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন। ১১ মার্চ থেকে খুলনার পাইকগাছায় ‘ফাগুন হাওয়া’ ছবির শুটিং করেছেন তিনি। ছবিতে তিনি পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন।

‘ফাগুন হাওয়া’ ছবির পরিচালক তৌকীর আহমেদ এখন আছেন খুলনায়। শুটিং নিয়ে ব্যস্ত। তার ফাঁকে প্রথম আলোকে বললেন, আজ সকালের ফ্লাইটে যমপাল শর্মা ঢাকায় গেছেন। আগামীকাল মঙ্গলবার সকালে তিনি মুম্বাই ফিরে যাবেন।

এবারই প্রথম বাংলাদেশে এসেছেন যশপাল শর্মা। আজ সারা দিন ঢাকার বিভিন্ন স্থানে তিনি ঘুরে বেড়িয়েছেন। প্রথম আলোকে বললেন, ‘ছবির শুটিংয়ের সময় শহীদ মিনারের কথা শুনেছি। হাতে এক দিন সময় ছিল। ভাবলাম, ঢাকা ঘুরে দেখব। আজ রাস্তা একদম ফাঁকা। কোনো যানজট নেই। ভিড় নেই। যেদিন ঢাকায় প্রথম এসেছিলাম, সেদিন অন্য রকম অভিজ্ঞতা হয়েছিল। আজ দারুণ উপভোগ করছি।’

জানালেন, আজ তিনি কেন্দ্রীয় শহীদ মিনার আর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গিয়েছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ মিনিট ছিলেন। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে যান। সেখানে শিল্পী শাহাবুদ্দীনের চিত্র প্রদর্শনী দেখেছেন। এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে এখানে আয়োজিত আরেকটি প্রদর্শনী দেখেছেন তিনি। কথা বলেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সঙ্গে। সেখানে অনেকের সঙ্গে তিনি আড্ডা দিয়েছেন।

যশপাল শর্মার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘তিনি বড়মাপের একজন অভিনেতা। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ! সঠিক উচ্চারণে উর্দু বলতে পারেন, আমাদের এমন একজন অভিনেতা প্রয়োজন ছিল। যশপাল শর্মাকে দিয়ে তা সম্ভব হয়েছে।’

তৌকীর আহমেদ আরও বলেন, ‘আমি যশপাল শর্মার সঙ্গে ইংরেজি আর হিন্দি ভাষায় কথা বলেছি। পরে দেখি শুটিংয়ের সঙ্গে জড়িত প্রায় সবাই তাঁর সঙ্গে হিন্দিতে কথা বলছেন। পারুক আর না পারুক, সবাই চেষ্টা করছেন। শেষ দিকে দেখি, যশপাল শর্মাও কয়েকটি প্রয়োজনীয় বাংলা শব্দ শিখেছে। আমাদের দারুণ আনন্দ হতো।’

যশপাল শর্মা ১০ মার্চ ঢাকায় এসেছেন। এরপর তাঁকে খুলনায় নিয়ে যাওয়া হয়। ‘ফাগুন হাওয়া’ ছবির গল্প ১৯৫২ সাল আর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে। তৌকীর আহমেদের ভাষায়, ‘ওই সময় বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প তুলে ধরা হচ্ছে আমার ছবিতে।’ ছবিটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।

‘ফাগুন হাওয়া’ ছবিতে যশপাল শর্মার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন হলো? ছবির নায়িকা তিশা বলেন, ‘যশপাল শর্মা এখানে আসার আগে আমার দুটি ছবি দেখেছেন—“ডুব” আর “হালদা”। ছবি দুটিতে আমার অভিনয় দেখে তিনি মুগ্ধ হয়েছেন। পাইকগাছায় এসে তাঁর সঙ্গে যখন প্রথম দেখা হলো, তখন তাঁর সেই মুগ্ধতা আমাকে জানিয়েছেন। আর অভিনয় করতে এসে তিনি আমাদের সঙ্গে মিশে গেছেন। গতকাল যখন কপোতাক্ষ নদের পাড়ে তাঁর সঙ্গে প্রথম শুটিং করছিলাম, তখন একটিবারের জন্যও মনে হয়নি, তিনি এত বড়মাপের একজন অভিনেতা।’

‘ফাগুন হাওয়া’ ছবি নিয়ে তিশা বলেন, ‘আমি এর আগে তৌকীর আহমেদের “হালদা” ছবিতে কাজ করেছি। তিনি যে বিষয় বা ভাবনার ওপর কাজ করেন, তা নিয়ে যথেষ্ট পড়াশোনা করেন। আমি বলতে চাচ্ছি, তাঁর প্রস্তুতিটা খুব সমৃদ্ধ হয়। তাই তিনি যেভাবে পরিকল্পনা করেন, ঠিক সেভাবেই তা পর্দায় তুলে আনেন। “হালদা” এবং “ফাগুন হাওয়া”—দুটি দুই ধরনের ছবি। গল্প দুটি একদম আলাদা। ভাষা আন্দোলন নিয়ে আমাদের এখানে তেমন কাজ হয়নি। সেদিক থেকে “ফাগুন হাওয়া” অবশ্যই উল্লেখযোগ্য। আমি একটা ভালো কাজের সঙ্গে থাকতে পারছি, আর সুন্দর একটি চরিত্র পাওয়া অনেক বড় ব্যাপার।’

তৌকীর আহমেদের চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন সিয়াম। বললেন, ‘তৌকীর আহমেদের চলচ্চিত্রে কাজ করব, এমনটা কিন্তু আমাদের প্রজন্মের অনেকেরই স্বপ্ন। সেদিক থেকে আমি অবশ্যই ভাগ্যবান। আমার জন্য দারুণ অভিজ্ঞতা। এখানে আমার মায়ের চরিত্রে পেয়েছি আফরোজা বানুকে। “পোড়ামন ২” ছবিতে ফজলুর রহমান বাবু আর আমি একসঙ্গে অভিনয় করেছি। এখানে পাচ্ছি তাঁকেও। আর সাজু খাদেম সব সময়ই আমার প্রিয় মানুষ। সব মিলিয়ে “ফাগুন হাওয়া” আমার জন্য একটা শিক্ষার জায়গা।’