কেবল একটা শুরু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরঙ্গমীর বর্ষপূর্তির আয়োজনে কেক কাটছেন আমন্ত্রিত অতিথিরা
তুরঙ্গমীর বর্ষপূর্তির আয়োজনে কেক কাটছেন আমন্ত্রিত অতিথিরা

জন্মের পরে তুরঙ্গমী নামটা রাখতে চেয়েছিলেন দাদু। যে মেয়ে ঘোড়া চালাতে পারে, তাকে বলা হয় তুরঙ্গমী। কোনো কারণে নামটি আর রাখা হয়নি। তাতে কী? নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত পরে দলের নাম রেখে দিলেন এ নামেই। নাচের সঙ্গে করেছেন জীবনের সখ্য। নাচে সওয়ার হয়ে দলটি পেরিয়েছে চারটি বছর। পা ফেলল পাঁচে।

চার বছরের পথচলা নিয়ে কথা বলতে গিয়ে দল নিয়ে জানালেন তুরঙ্গমীর আর্টিস্টিক ডিরেক্টর ও কোরিওগ্রাফার পূজা। গত ৩১ জানুয়ারি গুলশানে চার বছর উদ্‌যাপনে এক বর্ণিল আয়োজন করেছিলেন ‘মুখরতার চার বছর’ নামে। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান ভান খোয়া। ছিলেন তুরঙ্গমীর বিভিন্ন সময়ের সুহৃদেরা। নৃত্যদলের চার বছরের যাত্রা নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পুরস্কৃত করা হয় দলের সেরা কর্মীদের।

২০১৪ সালের ৩১ জানুয়ারি তুরঙ্গমীর যাত্রা শুরু হয়েছিল। সচরাচর নাচের দলের মতো এটি নয়। একটু ভিন্ন আঙ্গিকে নাচকে তুলে ধরতে চেয়েছিলেন পূজা। নাচে পেশাদারির একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন। পূজা বললেন, বাংলাদেশের অনেক নৃত্যশিল্পী অনেক বছর নাচ শিখে একটা সময় হারিয়ে যান। নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো উপায় থাকে না তাঁদের কাছে। এমন শিল্পীদের একটি পেশাদারি প্ল্যাটফর্ম দিতে তুরঙ্গমীর জন্ম। তা ছাড়া সারা বিশ্বে নাচ অনেক এগিয়ে গেছে। নিজেদের দেশের নাচকেও আন্তর্জাতিক মানের করে তুলতে চায় তুরঙ্গমী।

সে ইচ্ছার সফল হলো কত দূর? ইতিমধ্যে কয়েকটি আন্তর্জাতিক নৃত্য উৎসবে গেছে দলটি। ঝুলিতে আছে ড্যান্স থিয়েটার, ড্যান্স ফিল্ম, অ্যানিমেশন ড্যান্সসহ নানা মাত্রিক প্রযোজনা। সৈয়দ শামসুল হককে শ্রদ্ধা জানিয়ে প্রথম প্রযোজনা করেছিল এ দল। এরপর তারা একে একে ‘পথিকৃৎ’, ‘রেজ্যুলেশন’, ‘ওয়াটারনেস’, ‘অনামিকা সাগরকন্যা’র মতো প্রযোজনা তৈরি করে। এসব কিছু করতে দলের পাশে দাঁড়িয়েছেন সুহৃদেরা। পূজা বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা ভালো সাড়া পাচ্ছি। তুরঙ্গমীর পাশে দাঁড়াচ্ছেন মানুষ।’

প্রতিষ্ঠার চার বছর পূর্তিতে দলটি নাচের একটি স্কুল খুলেছে। তুরঙ্গমী স্কুল অব ড্যান্স স্কুলটি হবে রাজধানীর ইস্কাটনে। চার বছরে অর্জনের ঝুলিটা কম নয়। তবুও প্রশ্ন করি? কতটুকু সফল তুরঙ্গমী? পূজা বলেন, ‘এটাকে আমি কোনো সফলতা মনে করি না। এটা কেবল একটা শুরু।’