কেমন করে পারেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দঙ্গল ছবির দৃশ্য
দঙ্গল ছবির দৃশ্য

আমির খানের ছবির এক নতুন রীতি হয়ে দাঁড়িয়েছে তাঁর ‘ফিটনেস ভিডিও’। আমিরের নতুন ছবি মানেই তাঁর শরীরী ভাঙচুরের এক বিস্ময়কর কাহিনির বর্ণনা। কোনো ছবির জন্য হুট করেই মুটিয়ে যাচ্ছেন তিনি, কোনোটার জন্য আবার হচ্ছেন অস্বাভাবিক হালকা-পাতলা। আবার কোনো ছবির চরিত্রকে ফুটিয়ে তুলতে দানবীয় দেহগড়ন অর্জন করছেন তিনি। এই কাণ্ড আমির ঘটিয়ে আসছেন সেই ২০০৮ সাল থেকে। গজনী ছবি থেকে আমির তাঁর দেহগড়ন নিয়ে দারুণ ‘এক্সপেরিমেন্ট’ শুরু করেন। এরপর থ্রি ইডিয়টস, ধুম থ্রি, পিকে আর সবশেষ দঙ্গল-এও ঘটালেন একই ঘটনা। শুরুতে শুধু নিজের সাজপোশাকেই রাখতেন বৈচিত্র্যের ছাপ, কিন্তু গজনী থেকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ নিজেকে নিয়েই ভাঙচুরের খেলা খেলেন প্রতি ছবিতে।
২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আমির অভিনীত ছবি দঙ্গল। এ ছবিতে তিনি কুস্তিগির মহাবীর সিং ফোগাতের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটির জন্য আমির কী পরিমাণ পরিশ্রম করেছেন, তা বোঝাতে সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা গেছে, ছবির শুটিংয়ের শুরুতে আমির নিজের স্বাভাবিক ওজনের সঙ্গে ২৮ কেজি ওজন বাড়িয়ে তা ৯৭ কেজি করেছেন চরিত্রের জন্য। এ জন্য তিনি সময় নিয়েছিলেন ছয় মাস। ৯৭ কেজি নিয়ে ছবির ৮০ ভাগ শুটিং শেষ করে আবার ছয় মাস সময় নিয়ে শরীরে যোগ করা চর্বির ৩৮ ভাগ ঝরিয়েছেন তিনি। বানিয়েছেন ‘এইটপ্যাক অ্যাবস’। ভিডিওটি প্রকাশের পরপরই চারদিকে সাড়া পড়ে যায়। মাত্র ছয় মাসে আমিরের এই ঈর্ষণীয় দেহগড়ন নিয়ে নানা মহলে নানা প্রশ্ন ওঠে। অনেক বিশেষজ্ঞ বলনে, আমির খান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড নিয়ে এমন আকর্ষণীয় দেহগড়ন বানিয়েছেন। কারণ তাঁদের মতে, এমন স্বাস্থ্য মাত্র ছয় মাসের পরিশ্রমে গড়ে তোলা অসম্ভব। তবে দঙ্গল ছবিতে আমিরের কুস্তি প্রশিক্ষক কৃপা শংকর বৈষ্ণ এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি গণমাধ্যমের সামনে স্পষ্টভাষায় বলেছেন, এ ধরনের স্বাস্থ্য মাত্র ছয় মাসেই অর্জন সম্ভব যদি অধ্যবসায় থাকে।
এর আগেও ২০০৮ সালে মুক্তি পাওয়া গজনী ছবির বেলায় এমন অসাধ্য সাধন করেছেন আমির খান। মাত্র নয় মাসের ব্যবধানে গড়পড়তা গড়ন থেকে তিনি ‘সিক্সপ্যাক অ্যাবস’ গড়েছিলেন। তাঁর সেই শরীরের ভাঙচুর নিয়ে সে সময় একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। এর এক বছর পরই আরও একটি শরীরচর্চার ভিডিও প্রকাশ পায় আমিরের। সেবার তাঁকে দেখা যায় আকর্ষণীয় শরীরকে বিগড়ে একটা ছোটখাটো মানুষের আকার ধারণ করতে! থ্রি ইডিয়টস ছবির জন্য তিনি সেই শারীরিক পরিবর্তন আনেন।

আমিরের শরীর নিয়ে এমন এক্সপেরিমেন্ট কেমন সাড়া ফেলছে দর্শক মনে, তা নিয়ে আছে নানাজনের নানা মত। কেউ মনে করছে, এমন ঈর্ষণীয় গড়ন অর্জনের জন্য অনেক তরুণই স্টেরয়েডে আসক্ত হয়ে যেতে পারেন। আবার আরেক দল বলছে, আমিরের এই পরিশ্রম দেখে অনেক হীনস্বাস্থ্যের কিংবা মুটিয়ে যাওয়া ব্যক্তি পাবেন অনুপ্রেরণা। তাই ভালো-মন্দ মিলিয়েই এগিয়ে যাচ্ছেন আমির, এগিয়ে চলছে তাঁর দঙ্গল ছবির প্রচার-প্রচারণা।

আদর রহমান

ইন্ডিয়ান এক্সপ্রেস, হাফিংটন পোস্ট ইন্ডিয়া, মিড-ডে ও এনডিটিভি অবলম্বনে