কেমন ছিল অডিও বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে এবার সব কটি প্রতিষ্ঠান মিলিয়ে প্রকাশিত অ্যালবামের সংখ্যা ৭০টির মতো। অন্যবারের মতো এবারও কয়েকজন তারকাশিল্পী ছাড়া বেশির ভাগ অ্যালবামের শিল্পী নবীন, ছিল শৌখিন গায়কদেরও আনাগোনা। বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান এবারের ঈদে সদ্যপ্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে নতুনভাবে প্রকাশ করেছে তাঁর গান, চলচ্চিত্র ও বেশ কয়েকটি নাটকের অ্যালবাম। সব মিলিয়ে হাতে গোনা চার-পাঁচটি অ্যালবামই ছিল আলোচনায়। তারকাশিল্পীদের একক অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে এবারের ঈদে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বাপ্পা মজুমদার। চার বছর পর ঈদে প্রকাশিত হওয়া বাপ্পার ‘বেঁচে থাক সবুজ’ সংগীতপ্রেমী সবাইকে কিছুটা হলেও তারকাশিল্পীদের অভাব ঘুচতে সহায়তা করেছে বলে অভিমত জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়ার। প্রযোজনা প্রতিষ্ঠান এবং ঢাকার বিভিন্ন অডিও-সিডি বিক্রির দোকান থেকে প্রাপ্ত তথ্যমতে, একক শিল্পীদের মধ্যে বাপ্পার অ্যালবামের চাহিদাই ছিল সবচেয়ে বেশি। ঈদের ঠিক দুই দিন আগে হাবিবের সুর ও সংগীত পরিচালনায় প্রকাশিত হয় চলচ্চিত্রের মিশ্র গানের অ্যালবাম ‘তুমি সন্ধ্যার মেঘমালা’। বাজার-সংশ্লিষ্টদের মতে, একক ও মিশ্র অ্যালবামের মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রীত অ্যালবাম। হাবিব ছাড়া অ্যালবামটিতে আরও কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, ইমরান ও কনা। চলচ্চিত্রের গানের মধ্যে লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হুমায়ূন আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’র অডিও অ্যালবামের চাহিদাও ছিল উল্লেখ করার মতো।সংগীত-সংশ্লিষ্ট অনেকের মতে, প্রিন্স মাহমুদ বরাবরই অ্যালবামের মধ্য তাঁর রুচিবোধের পরিচয় দিয়ে থাকেন। বিভিন্ন শিল্পীকে নিয়ে প্রকাশিত প্রিন্স মাহমুদের মিশ্র গানের অ্যালবাম ‘অপরাজিতা’ সংগীত-সংশ্লিষ্টদের পাশাপাশি শ্রোতামহলেও প্রশংসা কুড়িয়েছে। ন্যান্সি ও তপুর কণ্ঠে অ্যালবামের প্রথম গান ‘ভুবনডাঙার হাসি’ ছিল আলোচিত গানগুলোর মধ্যে অন্যতম। এবারের ঈদে আরফিন রুমীর কোনো অ্যালবাম প্রকাশিত হয়নি। তবে তাঁর সুর-সংগীতায়োজনে কাজী শুভর দ্বিতীয় একক অ্যালবাম ‘সাদামাটা-২’ প্রকাশিত হয়েছে। দুই বছর ধরে রুমী বেশ যত্ন নিয়ে কাজ করেন কাজী শুভর ‘সাদামাটা-২’ অ্যালবামের। লোকগানের পাশাপাশি কয়েকটি মৌলিক গানও রয়েছে অ্যালবামটিতে।এদিকে ২০১১ সালের ‘এক জীবন গান’ দিয়ে বেশ আলোচনায় ছিলেন শিল্পী শহীদ। গানটির জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে এবারের ঈদে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত হয়েছে শহীদের ‘এক জীবন-২’ শিরোনামের মিশ্র গানের অ্যালবাম। এবারের ঈদে ‘এক জীবন-২’ অ্যালবামের চাহিদাও ছিল চোখে পড়ার মতো। লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত হয়েছে ‘পাগল তোর জন্য খ্যাত’ গানের শিল্পী বেলাল খানের প্রথম একক অ্যালবাম। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলামের মতে, বেলাল খানের ‘আলাপন’ শিরোনামের অ্যালবামের ‘এক মুঠো স্বপ্ন’ গানটি এরই মধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে।এ ছাড়া এবারের ঈদে প্রকাশিত হওয়া আরও কয়েকটি অ্যালবাম হচ্ছে দিলরুবা খানের ‘বেস্ট অব দিলরুবা’, তারিনের ‘আকাশ দেব কাকে’, জুলফিকার রাসেলের কথায় দুই বাংলার শিল্পীদের নিয়ে মিশ্র গানের অ্যালবাম ‘পরস্পর’, এস ডি রুবেলের ‘চান্নি পসর’, মিলন মাহমুদের ‘পরবাস’, লিজার ‘লিজা পার্ট-১’, মাহমুদ সানীর ‘প্রার্থনা’, এফ এ সুমনের ‘সখী রে’, নির্ঝরের ‘স্বপ্নমুখী’, সালমার ‘প্রেমের জানাজা’ এবং ঝিলিকের ‘ঝিলিক’। তা ছাড়া কয়েকজন তারকাশিল্পীর অ্যালবাম ছাড়া এবারের ঈদের বেশির ভাগ শিল্পীর অ্যালবামের মধ্যে কোনো ধরনের পার্থক্য খুঁজে পাওয়া যায়নি বলে অভিযোগ জানিয়েছেন কোনো কোনো শ্রোতা। তাঁদের মতে, গত কয়েক বছরের ধারাবাহিকতায় ঘুরে-ফিরে সেই একই কথা এবং একই সুরই কানে বাজছে। প্রকাশিত হওয়া বেশির ভাগ অ্যালবামে সেই অর্থে স্বতন্ত্র কিছুই থাকছে না। এ প্রসঙ্গে বাংলাদেশের গুণী সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী বলেন, ‘আমি দ্বিমত পোষণ করছি না। এটা ঠিক যে, যে কেউ চাইলেই এখন গায়ক হয়ে যেতে পারে। কিন্তু যে কেউ চাইলেই কিন্তু শিল্পী হতে পারে না। শিল্পী হতে হলে সাধনার প্রয়োজন। আমি মনে করি, একজন শিল্পীর অবশ্যই তাঁর সৃষ্টির মধ্যে মৌলিকত্ব থাকতে হবে। থাকতে হবে কাজের স্বাতন্ত্র্যও। শিল্পীর কাজের মধ্যে যদি বৈচিত্র্যই না থাকে, তা হলে তো শিল্পী একজন হলেই যথেষ্ট। কষ্ট করে এত এত শিল্পীর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।’