কেমন দেখলেন নিজের সিনেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শবনম বুবলী, শাকিব খান, তারিক আনাম খান, ববি, মামনুন ইমন
শবনম বুবলী, শাকিব খান, তারিক আনাম খান, ববি, মামনুন ইমন

কেউ গেছেন চুপি চুপি, কেউ গেছেন প্রকাশ্যে। প্রেক্ষাগৃহে গিয়ে নিজের ছবি দেখেছেন তারকারা। ঈদুল ফিতরে দেশজুড়ে মুক্তি পেয়েছে তিনটি ছবি। সেগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দর্শকদের কাছ থেকে। তবে প্রেক্ষাগৃহে গিয়ে নিজেদের সিনেমা দেখে রীতিমতো উদ্বেলিত তারকারা।

ঈদে সবচেয়ে বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে শাকিব খান ও বুবলী অভিনীত ছবি পাসওয়ার্ড। ঈদের প্রথম দিন বুধবার থেকে ছবির অবস্থা দেখতে হলগুলোতে গিয়েছিলেন ছবির নায়ক ও প্রযোজক শাকিব খান। দর্শকদের প্রতিক্রিয়া মুগ্ধ করেছে তাঁকে। এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘মুক্তির প্রথম দিন থেকেই ঢাকার প্রায় সবগুলো হলে গিয়েছি আমি। বেশ সাড়া পেয়েছি। ঢাকার আশপাশের হলগুলোতে দর্শকদের প্রতিক্রিয়া দেখতে গিয়ে আমি হতবাক। বৃষ্টি উপেক্ষা করে মানুষ হলে গেছে, এটা আমাকে বিস্মিত করেছে। তার ওপর আবার ঈদের দিন বাংলাদেশের খেলা ছিল। এ ঘটনার মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয় যে মানুষ ভালো সিনেমা দেখতে চায়। ভালো সিনেমা তৈরি করে উপস্থাপন করতে পারলে কোনো কিছুই এই দর্শকদের দমাতে পারে না।’

শিগগির পাসওয়ার্ড ছবিটির হল সংখ্যা বাড়বে। পরিবেশকেরা মনে করেন, বাড়বে দর্শকও। এ ছবির সাফল্য প্রযোজক শাকিবকে কতটা আশাবাদী করে? এমন প্রশ্নে শাকিব খান বলেন, ‘ছবির জন্য ইন্ডাস্ট্রির বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে অভিনন্দন পাচ্ছি। তাঁরা সবাই এই ছবির দিকে তাকিয়ে ছিলেন। ছবিটি তাঁদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। পরিবেশকেরা বলছেন, আমরা যেন বেশি বেশি করে এ রকম ছবি তৈরি করি, তাতে ইন্ডাস্ট্রি চাঙা হবে, ব্যবসা বাড়বে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা এ রকম বড় বাজেটের আরও ছবি দর্শকদের উপহার দিতে চাই। দেশের মানুষের কাছে আমি কৃতজ্ঞ, কারণ তারা এই ছবিটিকে সাদরে গ্রহণ করেছে।’

ঈদের দিন বিকেলে ঘরের কাছের সিনেমা হলে পাসওয়ার্ড দেখতে গিয়েছিলেন নায়িকা বুবলী। তিনি বলেন, ‘কাজিনদের নিয়ে বিকেলে হলে যাই এবারের ঈদের পাসওয়ার্ড খোলার জন্য। দর্শকদের প্রতিক্রিয়া, চিৎকার আর উল্লাস দেখে আমার চোখে পানি এসে গেছে।’

একই ছবিতে অভিনয় করেছেন নায়ক ইমন। গত বৃহস্পতিবার ছবিটি দেখতে মধুমিতা সিনেমা হলে যান তিনি। হল থেকে বের হওয়ার পরের ঘটনা জানালেন ইমন। তিনি বলেন, ‘ছবিটা দেখে বের হওয়ার সঙ্গে সঙ্গে তরুণ দর্শকেরা প্রশংসা করতে করতে আমাকে জাপটে ধরল। ঢাকার বাইরের বেশ কয়েকটি জেলা শহর থেকে বন্ধুরা ফোন করে অভিনন্দন জানিয়েছে। আমার অভিনয়ের খুব প্রশংসা করেছে। তারা বলেছে, আমার চরিত্রটি তাদের কাঁদিয়ে ছেড়েছে। কেবল আমি না, শাকিব ভাইয়ের কাছেও আমার প্রশংসা করে প্রচুর ফোন ও এসএমএস আসছে।’

ইমন বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল ভালো গল্পের একটি ছবিতে এবং ভালো একজন পরিচালকের সঙ্গে কাজ করার। সেই ইচ্ছে পূরণ হয়েছে। আমার বিশ্বাস ছিল ভালো গল্প ও পরিচালক পেলে আমি নিজেকে প্রমাণ করতে পারব। আমার বিশ্বাস, পাসওয়ার্ড ছবিতে আমি সেটা করতে পেরেছি।’

ঈদের আরেক ছবি শাকিব খান ও ববি অভিনীত ছবি নোলক। ছবিটি দেখতে এখন পর্যন্ত জোনাকি, স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে গিয়েছিলেন ববি। যেতে চান আরও কয়েকটি প্রেক্ষাগৃহে। নিজের ছবি প্রেক্ষাগৃহে গিয়ে উপভোগ করার অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে ববি বলেন, ‘ছবির পাশাপাশি দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য কিছু হলে মুখ লুকিয়ে গিয়েছি। কিছু জায়গায় অবশ্য মুখ খুলেই গিয়েছি। আমি সেখানে আছি, সেটা বোঝাতে চেয়েছি। সেখানে সেলফি তোলার জন্য তরুণ দর্শকেরা চঞ্চল হয়ে উঠেছিলেন। এবার ছবি দেখতে গিয়ে অন্য রকম একটা চিত্র চোখে পড়েছে। বিভিন্ন বয়সী নারী-পুরুষ হলে আসছেন। অনেকে বাচ্চাদের নিয়েও আসছেন। পরিবার নিয়ে ছবি দেখতে আসার ঘটনা বোধ হয় বাড়ছে। বয়স্ক এক ভদ্রলোককে বলতে শুনেছি তিনি নাকি অনেক বছর পর হলে সিনেমা দেখতে এলেন।’

নিজের ছবি দেখে কেমন লাগল ববির? তিনি বলেন, ‘খুব ভালো। যখন গান শুরু হয়, তখন তো কিছু শোনাই যায় না। মানুষের চিৎকার, তালি আর শিসের শব্দে গানের শব্দ চাপা পড়ে যাচ্ছিল। এসব দেখলে মনে হয় সিনেমার স্বর্ণযুগটা বুঝি আবারও ফিরবে।’

ঈদে মুক্তি পেয়েছে তারিক আনাম খান অভিনীত দুটি ছবি। একটি নোলক, অন্যটি আবার বসন্ত। গতকাল বিকেলে প্রথম আলোকে জানালেন, এখনো নোলক দেখেননি। দর্শকদের ভিড় একটু কমলেই যাবেন। ঈদের বেশ আগে একটি উদ্বোধনী প্রদর্শনীতে আবার বসন্ত দেখেছেন। তিনি বলেন, ‘বেশ কয়েকজন আমাকে ফোনে ও এসএমএস করে বলেছে যে ছবিটি তাদের ভালো লেগেছে। এ ছাড়া ফেসবুকে বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।’