কেমন হবে অপুর বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপু বিশ্বাস, ছবি: কবির হোসেন
অপু বিশ্বাস, ছবি: কবির হোসেন

ঢালিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী অপু বিশ্বাস। প্রায় দেড় বছর বিরতির পর তিনি আবার চলচ্চিত্রে ফিরেছেন। অপুর দীর্ঘ বিরতিতে তাঁর অনেক ভক্ত ভেবেছিলেন, তিনি বোধ হয় লুকিয়ে বিয়ে করেছেন। এ প্রসঙ্গে অপুর স্পষ্ট জবাব, ‘আমি বিয়ে করিনি। আর এখন বিয়ে করার সম্ভাবনাও নেই। কারণ, আমি আবার নতুন করে কাজে ফিরেছি।’

বর কেমন হবে জানতে চাইলে অপু বলেন, ‘আমার বরকে অবশ্যই সুন্দর হতে হবে। তাঁকে অনেক সুন্দর মনের এবং লম্বা হতে হবে। খুব বেশি রোমান্টিক না হলেও চলবে। তবে এখানে আমার একটি শর্ত আছে। সে আমাকে ভালোবাসবে ঠিকই, কিন্তু তা বারবার মুখে না বলে আমাকে বুঝিয়ে দেবে। মানে আমি চাই, সে আমার প্রতি অনেক যত্নশীল হবে—যা আমি বুঝব ঠিকই কিন্তু প্রকাশ করব না।’

বর্তমানে ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজা হ্যান্ডসাম’, ‘ভালোবাসা ২০১৪’, ‘সালাম মালয়েশিয়া’, ‘হিটম্যান’, ‘মিশন লন্ডন’সহ বেশ কয়েকটি নতুন ছবির কাজ রয়েছে অপু বিশ্বাসের হাতে। ছবিগুলোতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন শাকিব খান।

প্রসঙ্গত, প্রায় দেড় বছর চলচ্চিত্রের কাজ থেকে দূরে সরে ছিলেন অপু বিশ্বাস। এখন আবার পুরোদমে কাজ শুরু করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

চলচ্চিত্র থেকে দূরে থাকার পেছনের কারণ সম্পর্কে অপুর ভাষ্য ছিল, ‘অনেক কম বয়সে আমি চলচ্চিত্রে কাজ শুরু করি। তাই পরিবারকে সময় দিতে পারিনি। বছরের পর বছর টানা কাজ করার পর চিন্তা করলাম, এখন তাঁদের একটু সময় দিই। এ ছাড়া আমি কিছুটা মুটিয়েও গিয়েছিলাম। এর পরও আমাকে গ্রহণ করেছেন আমার দর্শকেরা। ভাবলাম, তাঁদের ঠকানো ঠিক হচ্ছে না। তাই ওজন কমানোর সিদ্ধান্ত নিলাম। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে শরীরের ওজন কমিয়েছি। নিজেকে আরও আকর্ষণীয় করে তুলেছি। এ ছাড়া গুলশানের নিকেতনে আমি নিজের একটি জিম খুলেছি। এখন থেকে বছরে ছয়টির বেশি ছবিতে কাজ করব না বলে ঠিক করেছি।’