কেমো দেওয়া হলো বিপুল ভট্টাচার্যকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুসফুসে ক্যানসার-আক্রান্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্যকে প্রথম কেমো দেওয়া হলো। চিকিৎসক এম এন হুদা ও লুৎফুন নাহারের তত্ত্বাবধানে গতকাল বুধবার ডেল্টা হাসপাতালে তাঁকে কেমো দেওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিপুল ভট্টাচার্যকে ২০ দিন অন্তর আরও তিনটি কেমো দেওয়া হবে। এরপর আগামী নভেম্বরে দ্বিতীয় দফা চিকিৎসার জন্য তাঁকে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হবে। গত জুলাই মাসে শারীরিক অসুস্থতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য বিপুল ভট্টাচার্য ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, বিপুল ভট্টাচার্যের ফুসফুসে ক্যানসার। এরপর তিনি দেশে ফিরে আসেন। ভর্তি হন ডেল্টা হাসপাতালে। সেখানে চিকিৎসক এম এন হুদার তত্ত্বাবধানে প্রথম দফায় তাঁকে ১২টি রেডিয়েশন দেওয়া হয়।গত মঙ্গলবার মুঠোফোনে বিপুল ভট্টাচার্য জানান, পারিবারিক উদ্যোগেই আপাতত চিকিৎসাব্যয় চলছে। তিনি সবার কাছে তাঁর আরোগ্য লাভের জন্য দোয়া চান। এদিকে প্রতিদিনই অনেক শুভানুধ্যায়ী প্রথম আলোয় ফোন করে শিল্পী বিপুল ভট্টাচার্যের চিকিৎসার বিষয়ে খোঁজ নিচ্ছেন। তাঁর চিকিৎসার জন্য এখনো সরকার এবং শিল্পীমহল বড় কোনো উদ্যোগ না নেওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন।