আমি তখন স্বামীবাগ স্কুলে নবম শ্রেণীতে পড়ি। সময়টা ছিল ১৯৫৬ সাল। এখন যে জায়গায় জোনাকী সিনেমা হল হয়েছে, সেই জায়গাটি ধু ধু মাঠ ছিল। আমরা শান্তিনগর ক্রিকেট ক্লাবে ক্রিকেট খেলতাম। মাঠটি শান্তিনগর খেলার মাঠ হিসেবেই আমরা পরিচিত করে ফেলেছিলাম। সেই সময় ক্লাবের সভাপতি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, আর সাধারণ সম্পাদক ছিলেন মোজাফফর হোসেন পল্টু। ক্লাব থেকে আমাকে একটি নাটক করার নির্দেশ দেওয়া হলো। নাটকটি শান্তিনগর মাঠে মঞ্চস্থ হবে। আমি তখন নবম শ্রেণীর ছাত্র। দায়িত্বটা অনেক বড় মনে হলো। কিন্তু ভেতরে কোনো ভয় কাজ করেনি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভাড়াটে চাই নাটকটি নিয়ে কাজ করার সিদ্ধান্ত হলো। নাটকটিতে আমি নির্দেশনা ও অভিনয় দুটোই করলাম। নাটকটির শো হওয়ার আগে প্রায় মাসখানেক মহড়া করি। প্রতিদিনই বিকেলে ক্রিকেট খেলে রাতে মহড়া করতাম। আমি নাটকটিতে বাড়িওয়ালার চরিত্রটি করেছিলাম। যা-ই হোক, যেদিন নাটকটি মঞ্চস্থ হয়, সেদিন তো পুরো শান্তিনগরে যেন সাজসাজ রব পড়ে যায়। সন্ধ্যার পর পুরো শান্তিনগর মাঠ ভরে যায়। নাটকটির প্রদর্শনীর আগে পাড়ার মুরব্বিদের নিয়ে একটু ভয় ছিল। কিন্তু নাটকটি মঞ্চস্থ হওয়ার পর বরং তাঁরা আমাদের সাধুবাদই জানিয়েছিলেন। এর পর থেকে নাটক করার পোকা মাথায় গেঁথে গেল। তবে মঞ্চে প্রথম নাটকে অভিনয়ের অভিজ্ঞতা বড়ই মধুর।