কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পিঁপড়াবিদ্যা

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘পিঁপড়াবিদ্যা’। এ ছাড়া গুয়াহাটি ও সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও যোগ দিচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত ছবিগুলো লড়াই করবে শীর্ষ পুরস্কার স্বর্ণ চক্রমের জন্য। নির্বাচিত ছবির মধ্যে থাকছে দুটি ইরানের, চারটি ভারতের, দুটি মরক্কোর এবং দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, জাপান ও বাংলাদেশের একটি করে ছবি। ১৯ ডিসেম্বর উৎসবের সমাপনী দিনে বিজয়ী ছবির নাম ঘোষণা করা হবে। স্বর্ণ চক্রম বিজয়ী ছবি ট্রফির পাশাপাশি ১৫ লাখ রুপি পুরস্কার হিসেবে পাবে। এ উৎসবে আরও থাকছে রজত চক্রম, নেটপ্যাক ও ফিপরেস্কি পুরস্কার।
উৎসবে যোগ দিতে ১৫ ডিসেম্বর ছবির পরিচালক ফারুকী ও অভিনেতা নূর ইমরান মিঠু কেরালা যাবেন। এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হতে পেরে ফারুকী দারুণ খুশি। কথা প্রসঙ্গে বললেন, ‘ভারতের এই চলচ্চিত্র উৎসবের দিকে আমার নজর দীর্ঘদিন ধরেই। গত বছর আমি আশা করেছিলাম, ‘‘টেলিভিশন’’ ছবিটি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হবে। কিন্তু ছবিটি ওয়ার্ল্ড সিনেমা সেকশনে নির্বাচিত হয়।’
এদিকে আজ ৯ ডিসেম্বর সকালে মোস্তফা সরয়ার ফারুকী ভারতে গেছেন গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে। সেখান থেকে দেশে ফিরে ১২ তারিখ তিনি সিঙ্গাপুর যাবেন। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য লড়ছে ‘পিঁপড়াবিদ্যা’। ১২ তারিখ রাতে ছবিটি প্রদর্শিত হবে। সেখানে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা নূর ইমরান মিঠু উপস্থিত থাকবেন। ১৩ তারিখ মেরিনা সান বে’তে অনুষ্ঠিত হবে ক্লোজিং নাইট। সেখানে ঘোষণা করা হবে স্ক্রিন অ্যাওয়ার্ডে এবারের পুরস্কার বিজয়ীদের নাম।