কেরালা উৎসবে সেরা নবাগত ইমন

২০তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার সেরা নবাগত পরিচালক হয়েছেন বাংলাদেশের আবু শাহেদ ইমন। ভারতের দক্ষিণের রাজ্য কেরালার রাজধানী তিরুবন্তপুরমে আয়োজিত এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে তাঁর জালালের গল্প ছবিটি প্রদর্শন করা হয়। ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই উৎসব। আয়োজন করেছে কেরালা রাজ্য চলচ্চিত্র একাডেমি।
গত শুক্রবার সন্ধ্যায় তিরুবন্তপুরমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সেরা পরিচালকের পুরস্কার হিসেবে আবু শাহেদ ইমন পেয়েছেন ‘রাজাথা চক্রম’ এবং নগদ তিন লাখ রুপি। ইমনের হাতে পুরস্কার তুলে দেন কেরালার রাজ্যপাল পি সত্যশিবম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী বি এস অচ্যুতানন্দসহ কেরালার চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা।
উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে মালয়ালম ছবি ওত্তাল। ছবিটি পরিচালনা করেছেন আর জয়রাজ। তিনি পেয়েছেন ‘সুবর্ণ চক্রম’ এবং নগদ ১৫ লাখ রুপি।
চলচ্চিত্র অঙ্গনে অবদান রাখার জন্য আজীবন সম্মাননা পেয়েছেন ইরানের পরিচালক দারিউস মেহেরজুই।