কেশার কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেশা
কেশা

হতে চেয়েছিলেন গীতিকার, কিন্তু হয়ে গেলেন পপগায়িকা। শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেশার কথাই বলছি। সেই স্বর্ণকেশী কেশাই এবার পাচ্ছেন বিলবোর্ড উইম্যান ইন মিউজিকের ট্রেইলব্লেজার অ্যাওয়ার্ড। হ্যালি উইলিয়ামস, লানা ডেল রয়ের পর ডিসেম্বরের ৯ তারিখে এবার তাঁর হাতেই উঠছে এই পুরস্কার।
আগেই বলেছি কেশা শুরু করেছিলেন গীতিকার হিসেবে। মা প্যাট্রিসিয়া রোজ পিবি নিজেও গান লিখতেন, সেই মায়ের হাত ধরে গান লেখার শুরু। গানের শখ ছিল ষোলো আনা, কিন্তু সাধ্য কোথায়? অর্থের প্রয়োজনে হোটেলে পরিচারিকার কাজও করেছেন। কিন্তু সব সময়ই মা পাশে ছিলেন আশা এবং সাহস নিয়ে। অবশেষে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রের সংগীত প্রযোজক ডক্টর লুকের হাত ধরে পা রাখেন সংগীতের জগতে। তবে সাফল্য হাতের মুঠোয় ধরা দিয়েছে তারও চার বছর পর, ২০০৯ সালে। সেই বছরের সবচেয়ে জনপ্রিয় গানের দুটিই ছিল তাঁর, ‘টিক টক’ আর ‘রাইট রাউন্ড’। টিক টক তো সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ডিজিটাল গানের তালিকায় প্রথম স্থানটাই নিজের দখলে নিয়ে নিয়েছে! টানা ১০ সপ্তাহ বিলবোর্ড টপ চার্টের শীর্ষে ছিল গানটি।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বের করেছেন দুটি একক অ্যালবাম, বেশ কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। কিন্তু ক্যারিয়ারের পুরো পথটা কি আর কারও মসৃণ হয়? ২০১৪ সালে সংগীত প্রযোজক ডক্টর লুকের সঙ্গে চুক্তি ভেঙে বেরোতে চাইলে তাঁর বিরুদ্ধে মামলা করেন ডক্টর লুক। কেশাও তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন শারীরিক ও মানসিক নির্যাতনের। সেই কঠিন সময়টাতে তাঁর পাশে দাঁড়িয়েছেন টেইলর সুইফট, মাইলি সাইরাসসহ অনেক তারকা।
সেই কঠিন সময় এখন অনেকটাই পেরিয়ে এসেছেন। এ বছর ঘুরে বেড়িয়েছেন তৃতীয় বিশ্ব ট্যুর নিয়ে। যুক্তরাষ্ট্রের কোয়াচেলা অনুষ্ঠানেও মঞ্চে উঠেছেন জেডের সঙ্গে। তাই বোঝাই যাচ্ছে এখন আবারও ঝলক দেখাচ্ছেন কেশা। তার স্বীকৃতিই এবার দিচ্ছে বিলবোর্ড। এ বছর বিলবোর্ড উইম্যান ইন মিউজিকে আরও পুরস্কার পাচ্ছেন ম্যাডোনা, শানিয়া টোয়াইন, হ্যালসি, অ্যান্ড্রা ডে, মেগান ট্রেইনর, মারেন মরিস।নাজিয়া শারমিন 
বিলবোর্ড, মিউজিক টাইমস অবলম্বনে