কোটি টাকার জন্য আটকে আছেন কবরী

অনেক দিন থেকে শোনা যাচ্ছে ‘এই তুমি, সেই তুমি’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করবেন কবরী। কিন্তু কোনোভাবেই তা শুরু করতে পারছেন না তিনি। অভিনয়শিল্পী চূড়ান্ত হয়েছে, কিন্তু প্রযোজক পাচ্ছেন না। গতকাল শনিবার রাতে প্রথম আলোর সঙ্গে আলাপের সময় তেমনটাই জানালেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী।
কবরী বলেন, ‘আমার ছবি বানাতে দেড় কেটি টাকা লাগবে। পরিচিতজনদের সঙ্গে কথা বলেছি। কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ করেছি। শুরুতে তারা আমাকে আশ্বাস দিলেও পরে আর কোনো খবর নেই। তাদের ব্যবহারে খুব হতাশ হয়েছি।’
কবরী আরও বলেন, ‘আমি এমন একটি ছবি বানাতে চাই, যে ছবি বাংলাদেশের মানুষের কথা বলবে। দুঃখজনক হলেও সত্য, এত মানুষকে ছবিটির ব্যাপারে বলার পরও তাঁরা কেন গড়িমসি করছেন, বুঝতে পারছি না। বাংলাদেশে বিত্তশালী মানুষের অভাব নাই। তাঁরা চাইলে শুধু আমার ছবি নয়, আরও অনেক নির্মাতাকেই ছবি বানানোর ব্যাপারে সহযোগিতা করতে পারেন। তাদের পৃষ্ঠপোষকতায় এগিয়ে যেতে পারে বাংলাদেশের চলচ্চিত্র। চলচ্চিত্রের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময় ধরে আমি জড়িত। অথচ সেই আমি যখন একটা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছি, তখন কোনো সহযোগিতা পাচ্ছি না! সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ও কিন্তু আমাকে সহযোগিতা করতে পারে।’
কবরী অনেক দিন ধরে অভিনয় থেকে দূরে আছেন। ‘আয়না’ তাঁর পরিচালিত প্রথম ছবি। এরপর তাঁকে আর পরিচালনায় দেখা যায়নি।
কবরী তাঁর ছবির গল্পের ভাবনা নিয়ে জানালেন, দুই প্রজন্মের দুই জুটি নিয়ে ‘এই তুমি, সেই তুমি’ ছবির গল্প এগিয়ে যাবে। এর মধ্যে একটি জুটি হচ্ছেন কবরী ও আলমগীর। আরেকটি জুটি হবে আরিফিন শুভ ও কলকাতার একটি মেয়ে।
‘এই তুমি সেই তুমি’ ছবির গল্প, সংলাপ আর চিত্রনাট্য কবরী নিজেই লিখেছেন।