
বলিউডের বক্স অফিস আর ক্রিকেট খেলার স্কোরবোর্ড—দুটোর মিল কোথায়, বলুন তো? হ্যাঁ, দুটোই সব সময় সেঞ্চুরির পেছনে ছোটে। হিসাবের খাতায় একটা রানের, আরেকটা কোটির। তবে ক্রিকেট মাঠে এক শ মেরেও যেমন সব ম্যাচ জেতানো যায় না, তেমনি বক্স অফিসে এক শ কোটি কামালেও ছবি ব্লকবাস্টার হিট হয় না। বলিউডে গত ছয় মাসের অবস্থাই দেখুন। এখন পর্যন্ত তিনটি ছবি এক শ কোটির সীমা পেরিয়ে গেলেও কারও কপালেই জোটেনি ব্লকবাস্টার হিটের তকমা। বিশ্লেষকদের বিচারে দুটি সুপার হিট, দুটি শুধুমাত্র হিট, ১৩টি ফ্লপ আর বাদ বাকি সব ছবিই গড়পড়তা। এই নিয়েই পার হলো ২০১৪ সালের বলিউড বক্স অফিসের প্রথম ছয় মাস।
বলতে গেলে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার মতো কোনো ছবিই এখন পর্যন্ত মুক্তি দিতে পারেনি বলিউড। বছরের শুরুতেই বিশ্লেষকদের সবচেয়ে বেশি আশা ছিল সালমান খানের জয় হো নিয়ে। গত বছর সাল্লুর কোনো ছবি মুক্তি না পাওয়ায় ভক্তদেরও উত্তেজনার পারদ একটু বেশিই ছিল ছবিটিকে ঘিরে। কিন্তু জয় হো জয় করতে পারেনি বলিউড বক্স অফিস। মুক্তির চার দিনে বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেও জোটেনি হিটের তকমাটা। কী করে জুটবে বলুন।

ছবি নির্মাণে খান ব্রাদার্স বোধ হয় একটু বেশিই টাকা ঢেলেছিলেন। এই ছবির নির্মাণ ব্যয় ছিল প্রায় ৭০ কোটি রুপি। অথচ ১৫ কোটি বাজেটের ছবি দিয়ে ৩১ কোটি রুপি কামিয়ে ভালোই সফলতা পেয়েছে মাধুরী দীক্ষিতের দেড় ইশকিয়া। ইশকিয়ার সিক্যুয়েল দেড় ইশকিয়া প্রশংসা কুড়িয়েছে চলচ্চিত্রবোদ্ধাদেরও। তবে মাধুরী অভিনীত আরেকটি ছবি গুলাব গ্যাং একেবারেই ব্যর্থ হয়েছে বক্স অফিসে।
ফেব্রুয়ারি মাসটা পুরোই ছিল জেনারেশন ওয়াইয়ের দখলে। প্রথম সপ্তাহেই পরিণীতি চোপড়ার হাসিতে ফেঁসে গিয়েছিল বক্স অফিস। করন জোহরের প্রডাকশনে তৈরি পরিণীতির হাসি তো ফাঁসি ছবিতে একটা নতুনত্বের গন্ধ পেয়েছিলেন দর্শকেরা। ২৫ কোটি রুপি বাজেটে তৈরি পরিণীতি-সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবিটি সব মিলিয়ে আয় করে ৬২ কোটি রুপি। পরিণীতির হাসির রেশ কাটতে না কাটতেই মুক্তি পায় আলিয়া ভাট অভিনীত ছবি হাইওয়ে। রণদীপ হুদাকে সঙ্গে নিয়ে হাইওয়ে ধরে ছুটে চলা আলিয়ার এই রোডট্রিপ কাহিনি সমালোচকদের প্রশংসা কুড়ালেও মন কাড়েনি বক্স অফিসের। তবে আলিয়া ঠিকই মন কেড়ে নিয়েছেন এক মাস পরেই। হ্যাঁ, এপ্রিলে মুক্তি পাওয়া আলিয়া-অর্জুন অভিনীত টু স্টেটস ছবিটিই এ বছরের প্রথম সুপারহিট ছবি। ঠিক তেমনি প্রথম ছয় মাসের সেরা নতুন মুখ অর্জুন কাপুর। ৩৫ কোটি রুপিতে নির্মিত ছবিটি শুধু ভারতেই আয় করেছে প্রায় ১০৪ কোটি রুপি।

কুইন ছবির বদৌলতে দর্শক থেকে সমালোচক প্রত্যেকের মনেই জায়গা করে নিয়েছেন বিটাউনের নতুন রানি কঙ্গনা রণৌত। মাত্র সাড়ে ১২ কোটি রুপি বাজেটের ছবিটি ভারতীয় বক্স অফিস থেকে ৬১ কোটি রুপি কামিয়ে পেয়ে গেছে হিটের তকমাটাও। তবে কঙ্গনা অভিনীত আরেকটি ছবি রিভলবার রানি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। হিট হয়েছে অক্ষয়-সোনাক্ষীর হলিডে—আ সোলজার ইজ নেভার অব ডিউটি। অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর ফিল্মোগ্রাফিতে যুক্ত করেছেন আরও একটি সেঞ্চুরি। ৪০ কোটি বাজেটের ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ১১২ কোটি রুপি। এ ছাড়া অমিতাভ অভিনীত ভূতনাথ রিটার্নস, বরুণ ধাওয়ান-ইলিয়েনা-নার্গিস ফাখরির ম্যায় তেরা হিরো, হিমেশ রেশমিয়ার দ্য এক্সপোজ, নবাগত নায়ক টাইগার শ্রফের হিরোপান্তে, সাইফ আলী খানের হামসাকালস ছবিগুলো মোটামুটি ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। তবে এ ছয় মাসের শেষ চমক ছিল সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ ও শ্রদ্ধা কাপুর অভিনীত এক ভিলেন। ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত ছবিটি ১০ দিনে ৯২ কোটি কামিয়েই হয়ে গেছে এ বছরের দ্বিতীয় সুপারহিট। নার্ভাস নাইন্টিতে ঢুকলেও নিশ্চিত সেঞ্চুরি করার পথে এখন এক ভিলেন।
সাজিদুল হক
বলিউড হাঙ্গামা, ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে