>

তেত্রিশে পা দিল (১৯৮৪, ৬ জুন—২০১৬, ৬ জুন) বাংলা হার্ড রকের অগ্রদূত ব্যান্ড ওয়ারফেইজ। গানের কথা, সুর, গায়কি, নিখুঁত কম্পোজিশন, স্বকীয়তায় নিজেদের আসন পাকা করে নিয়েছে শ্রোতাদের মনে, আর আজও ধরে রেখেছে সেই ধারাবাহিকতা। সেই ওয়ারফেইজের সাতটি জনপ্রিয় গানের গল্প নিয়েই এই আয়োজন। লিখেছেন সৈয়দা তাজরিন জাহান
ওয়ারফেইজ (১৯৯১)
মনে পড়ে যায় আমার কৈশোর—
কথাগুলো আজও ফিরিয়ে নিয়ে যায় শ্রোতাদের নিজ কৈশোরে। কৈশোর, ওয়ারফেইজের প্রথম অ্যালবাম ওয়ারফেইজ (১৯৯১)-এর ট্র্যাক। বাবনার কথা, বালামের সুর আর সঞ্জয়–এর কণ্ঠে যেন একদল কিশোরের (টিপু, বাবনা, রাসেল, সঞ্জয়, কমল) প্রতিচ্ছবি। বাবনার কাছে জানতে চাইলাম ‘কৈশোর’-এর গল্প। তিনি বললেন, ‘কৈশোর আমার ভাইয়ের জন্য স্মৃতিস্মারক। বিশ বছরের তান্নার চলে যাওয়ায় একাকিত্ব আর জীবনের মানে খুঁজতে গিয়েই এই গানটি লেখা। ভাই-বোনের আড্ডায় সব সময় গান হতো। কাজিন বালাম তখন সম্ভবত সপ্তম শ্রেণির ছাত্র, ওর সুর আর আমার কথা বসিয়ে গানটা তুলে ফেলি। কমল, রাসেল আলী, মাশুক রাহমান আর টিপুর মিউজিক অ্যারেঞ্জমেন্টে পূর্ণতা পায় কৈশোর।’
অবাক ভালবাসা (১৯৯৪)
ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম, টাইটেল গানটির কথায়-সুরে অবাক করা এক অনুভূতি। হয়তো শ্রোতাদের কাছে এটি ভালোবাসার গান কিংবা কষ্টের। গানের গীতিকার-সুরকার বাবনার কাছে জীবন সৃষ্টিকর্তার অমূল্য উপহার, এটি সেই সুন্দর জীবনের জন্য ভালোবাসার গান। কক্সবাজারের সমুদ্রসৈকতে বন্ধুরা ক্রিকেট খেলছিল। টিঅ্যান্ডটি রেস্ট হাউসের বারান্দায় বসে আমি দেখছিলাম সমুদ্রের বিশালতা, শুভ্র সাদা বালু, ঢেউয়ে সূর্যাস্তের গাঢ় লাল আভার প্রতিফলন। এখনো মনে পড়ে সেদিনের কথা, টিপু বলেছিল, যাচ্ছিস যখন একটা ওয়াও কম্পোজিশান করে আনবি, অনুভূতিগুলো না লিখে ফেললে মনে হচ্ছিল একটা ভুল হয়ে যাচ্ছে, এরপরই ছাদে বসে বন্ধু শুভ্রর গিটারে সুর করে ফেলা। এসব অনুভূতির অভিব্যক্তি, রাসেলের পিয়ানোর জাদু আর ব্যান্ডের দক্ষ মিউজিক অ্যারেঞ্জমেন্ট মিলিয়েই ওয়ারফেইজ-এর অবাক ভালবাসা।
জীবন ধারা (১৯৯৬ )
তৃতীয় অ্যালবাম। ‘জননী’ গানটি এই অ্যালবামের একদম আলাদা একটি পরিবেশনা। গানটির সুরকার-গীতিকার বাবনা বলেন, ‘পৃথিবীর সব মায়ের জন্য আমার এই গান। এর পেছনে অনুপ্রেরণা আমার প্রিয় মা।’
অসামাজিক (১৯৯৮)
চতুর্থ অ্যালবামের টাইটেল গান ‘আমি দেখতে চাই আমার স্বকীয়তা, আমি থাকব সবার ভিন্ন—অসামাজিক।’ কমলের কথা-সুর ও সঞ্জয়-এর গায়কি মিলে এটি ব্যান্ডের অন্যতম হিট গান। গীতিকার কমল গানটি লিখেছিলেন সমাজের সেসব ভিন্ন চিন্তার তরুণদের নিয়ে, যাঁরা নিয়মের বেড়াজাল ভেঙে গড়তে চান নতুন সমাজ। কমলের মতে, আমাদের সমাজে এ রকম মানুষদের বলা হয় অসামাজিক। আর তাই সেসব তরুণের দৃঢ়প্রত্যয়ী আর্তনাদ ‘অসামাজিক’।
আলো ( ২০০১)
পঞ্চম অ্যালবাম। জনপ্রিয় গান ‘হতাশা’। জীবনে দুঃখ ছাড়া সুখের আনন্দ পাওয়া যায় না, কিন্তু মানুষ সেই সুখ ভুলে কষ্টের কথাই বেশি মনে রাখে আর হতাশা মুখ টিপে হেসে গ্রাস করে জীবনকে। কষ্ট প্রকাশ করাটা মানুষের অধিকার কিন্তু ছোট ছোট আনন্দ নিয়ে ভালো থাকাটাই জীবন। এভাবেই ‘হতাশা’ গানটির পেছনের গল্প বলেন গীতিকার কমল।
মহারাজ (২০০৩)
ষষ্ঠ অ্যালবাম। ২০০০ সালে ব্যান্ডে আসেন নতুন সদস্য শামস। তাঁর লেখা প্রথম গানের নামেই নামকরণ করা হয় অ্যালবামটির। ‘মহারাজ একটি রূপক’, বললেন শামস। ‘এখন সত্যিকারের রাজার বদলে রয়েছে ক্ষমতার একচেটিয়া আধিপত্য। গ্রামে-শহরে, দেশে-বিদেশে মহারাজদের চরিত্র একই রকম। মানুষের বিশ্বাস আর ভালোবাসাকে পুঁজি করে, ক্ষমতার বলে তারা ভুলে যায় শিকড়। মহারাজ এমন শিখরে ওঠা মানুষদের জীবনে ফিরে আসার গান।’
সত্য (২০১২)
রূপকথার গল্পের মতো জীবন আমাদের প্রায় সবার। কমল জানান, ব্যান্ডের সপ্তম অ্যালবাম সত্য-এর গান ‘রূপকথা’ একটি প্রেমের গান, যেখানে শ্রোতারা খুঁজে পেতে পারেন নিজেকে। পরিবর্তনশীল হৃদয়ে কোনো কিছুই চিরস্থায়ী নয়। ভালোবাসা রূপকথার মতো সুন্দর, কিন্তু মাঝে মাঝে জীবনের বাস্তবতা তাকে হার মানায়। তবুও মানুষ অপেক্ষা করে থাকে সেই ভালোবাসার, যা অনুপ্রেরণা দেয় বাঁচার।
অনেক চড়াই-উতরাই পার হয়ে পরিশ্রম, বিশ্বাস, টিমওয়ার্ক আর শ্রোতাদের ভালোবাসায় ওয়ারফেইজ এখনো এগিয়ে গেছে। ভক্তদের জন্য খবর, নতুন লিড ভোকালিস্ট পলাশকে নিয়ে আসছে তঁাদের নতুন অ্যালবাম পথচলা-২। আরও আসছে সাবেক সদস্যদের সঙ্গে নিয়ে ৩০ বছর পূর্তির লাইভ অডিও অ্যালবাম। দেশের বাইরের শ্রোতাদের জন্য সুখবর, সামনে দেশের বাইরেও কনসার্ট করবে এই ব্যান্ড। সন্তানের মতো ব্যান্ডকে আগলে রেখেছে ড্রামার টিপু। তিনি স্বপ্ন আগেও দেখতেন, এখনো দেখেন ওয়ারফেইজকে সঙ্গে নিয়ে অনেক দূর পথচলার।