কৈশোরের ফ্যান্টাসি আজ বাস্তবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাজিতা আঢ্য
অপরাজিতা আঢ্য
স্বপ্নের নায়কের বুকে মাথা রেখে প্রাক্তন-এর তিনিই অলিখিত নায়ক। আরব সাগরকে সাক্ষী রেখে মুম্বাইতে খেললেন তাঁর প্রথম ইনিংস। যশরাজ ফিল্মসের ব্যানারের মেরি পেয়ারি বিন্দু-তে নতুন ভূমিকায় তিনি। ওপার বাংলার মানুষেরও অত্যন্ত কাছের এই অভিনেত্রী, টালিউডের সবার আদরের ‘অপা’ তথা অপরাজিতা আঢ্যর সঙ্গে বৈশাখী আড্ডায় প্রথম আলোর মুম্বাই প্রতিবেদক দেবরতি ভট্টাচার্য। কিছু স্মৃতি, কিছু ব্যথা, কিছু কথায় জমে উঠেছিল এই সন্ধ্যা।

অনেকের মতে, প্রাক্তন ছবির নায়ক আপনিই। প্রাক্তন-এর গীতিকার ও গায়িকা জাতীয় পুরস্কার পেলেন। আপনার মনে কি ক্ষীণ আশা ছিল যে আপনিও জাতীয় পুরস্কার পেতে পারেন?
একদমই না। তবে আমি ভীষণই আশাবাদী যে একদিন না একদিন জাতীয় পুরস্কার পাব। দঙ্গল-এর যে অভিনেত্রী জাতীয় পুরস্কার পেয়েছেন, তিনি আমার চেয়ে অনেক বেশি যোগ্য বলে আমি মনে করি।

ছোটবেলায় আপনার ঘরের দেয়ালজুড়ে দুজন নায়কের ছবি ঝোলানো থাকত। একজন প্রসেনজিৎ, অন্যজন আমির খান। প্রাক্তন ছবিতে সেই স্বপ্নের নায়ক প্রসেনজিতের বুকে মাথা রেখে তাঁর স্ত্রী হিসেবে অভিনয় করলেন। কী রকম অভিজ্ঞতা?

হা হা হা (সশব্দে হাসি)। একদম ঠিক বলেছেন। আমি ছোট থেকেই বুম্বাদা আর আমির খানের বড় ফ্যান। আমি মনেপ্রাণে বিশ্বাস করতাম, বুম্বাদার নায়িকা হিসেবে একদিন নিশ্চয়ই কাজ করব। আমার বিশ্বাসেরই জয় হলো। বুম্বাদার বুকে মাথা রেখে যখন শটটা দিচ্ছিলাম, সে এক অদ্ভুত অনুভূতি।

ফ্যান থেকে নায়িকা। স্বপ্ন যখন বাস্তবের মাটিতে মিলেমিশে একাকার হয়ে গেল, তখন অপরাজিতার অভিনয়-সত্ত্বা কোথাও সংকটে পড়েনি তো?

এই দিনটার কথা যখন কল্পনা করতাম, তখন মনে হতো বুম্বাদার পাশে দাঁড়িয়ে হয়তো অভিনয় করতে পারব না। সংলাপ ভুলে যাব। বাস্তবে যখন এই দিনটা সত্যি সত্যি এল, তখন শুধু মনে হয়েছিল আমি একজন অভিনেত্রী। আমার সেরাটুকু উজাড় করে দিতে হবে। আমার অভিনয়-সত্তার জয় হয়েছিল সেদিন।

মেরি পেয়ারি বিন্দু ছবিতে অপরাজিতা আঢ্য ও পরিণীতি চোপড়া
মেরি পেয়ারি বিন্দু ছবিতে অপরাজিতা আঢ্য ও পরিণীতি চোপড়া

ঋতুপর্ণা ঘোষ, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ ও নন্দিতার মতো প্রথম সারির পরিচালকের সঙ্গে কাজ করেছেন। কার সঙ্গে কী রকম অভিজ্ঞতা?

সত্যিই আমি খুবই ভাগ্যবতী যে তাঁদের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছি। ঋতুদার পরিচালনায় শুভ মহরত ও টেলিসোপ ‘গানের ওপারে’-তে কাজ করেছি। আমার ডাবিং খুবই দুর্বল ছিল। তাঁর থেকে ডাবিং করা শিখেছি। শিখেছি ৩০ সেকেন্ডের মধ্যে কীভাবে কাঁদতে হয়। আর সত্যি বলতে ঋতুদার সান্নিধ্যে এসে রবিঠাকুরকে নতুনভাবে আবিষ্কার করেছি। তিনিই আমায় বলেছিলেন রবি ঠাকুর যেকোনো মুহূর্তের সঙ্গী হতে পারেন। আজ তা উপলব্ধি করি। অপর্ণা সেন খুবই খুঁতখুঁতে। তাঁর মতো করে অভিনয় করতে হয়। আর কৌশিকদা, অঞ্জনদা, শিবপ্রসাদ ও নন্দিতাদির সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। তাঁদের প্রত্যেকের কাছ থেকে প্রচুর শিখেছি।

এত বড় বড় পরিচালকের পরিচালনায় বড় পর্দায় কাজ করার পরও আপনার পরিচয় আজও টেলি-অভিনেত্রী। কেন?

হ্যাঁ, আমি তো টেলি-অভিনেত্রী। সবার আগে এটাই আমার পরিচয়। টেলিভিশনই আমার দুনিয়া। আমি যা হয়েছি, তা ছোট পর্দারই জন্য।

কখনো আক্ষেপ হয় না যে বড় পর্দায় সে অর্থে নায়িকা হয়ে উঠতে পারেননি?

অভিনয়ের ক্যানভাস অনেক বড়। আমি কখনোই নায়িকা হওয়ার জন্য অভিনয়জগতে আসিনি। শুরু থেকে আমি চেয়েছিলাম ভালো অভিনেত্রী হতে। কখনোই ছবির জন্য হাঁক-পাঁক করিনি। মনের মতো চরিত্র পেলেই ছবির জন্য রাজি হয়েছি। সত্যি বলতে, মেগা সিরিয়ালে অভিনয় করা সব থেকে বেশি চ্যালেঞ্জিং। আপনাকে রোজ শচিনের মতো ব্যাটিং করতে হবে।

আজ আপনার এই জনপ্রিয়তার মূলে কি টেলিভিশন, না সিনেমা?

অবশ্যই টেলিভিশন। আমি যেসব সিনেমায় অভিনয় করেছি, তা শুধু এক শ্রেণির মানুষের জন্য। আর টেলিভিশন আমাকে হাজার হাজার মানুষের হৃদয়ে স্থান করে দিয়েছে। মাস কয়েক আগে বাংলাদেশে গিয়ে তো আমি অবাক। আমি জানতামই না ওপার বাংলার মানুষেরা আমায় এতটা ভালোবাসে। ওখানেও আমার যে জনপ্রিয়তা, তা ছোট পর্দার জন্যই।

আপনি তো ইন্দো-বাংলাদেশের যৌথ প্রযোজিত ছবি নবাব-এ একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। কক্সবাজারে গিয়েছিলেন ছবিটির শুটিংয়ের কাজে। কী রকম অভিজ্ঞতা?

সত্যি বলতে, বাংলাদেশের মানুষের কাছ থেকে এতটা ভালোবাসা পেয়েছি, যা বলে বোঝাতে পারব না। মনে হচ্ছিল, ওখানকার প্রত্যেকটি মানুষের আমি অত্যন্ত কাছের। কক্সবাজারে হোটেলের ঘর থেকে আমি বের হতে পারছিলাম না। বাইরে এতটাই ভিড় ছিল শুধু আমায় একবার দেখার জন্য।

ওখানে কাজের পরিবেশ কী রকম ছিল?

ভীষণ ভালো। আমাদেরও নিজস্ব প্রোডাকশন টিম ছিল। ওদের সঙ্গে আমরা মিলেমিশে কাজ করেছি।

বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করলেন, কেমন লাগল?

নবাব ছবিটির নায়ক শাকিব খান। খুবই ভালো লাগল ওর সঙ্গে কাজ করে। শাকিব অত্যন্ত মন দিয়ে ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন। তবে একটু গম্ভীর প্রকৃতির।

টলিউডের একঝাঁক অভিনেতা এখন ঢালিউডে ফিল্মে কাজ করছেন। আপনারও সে রকম কোনো অভিপ্রায় আছে?

হ্যাঁ জানি, অনেকেই এখন বাংলাদেশের ফিল্মে কাজ করছেন। ওপার বাংলা থেকে ভালো কোনো প্রস্তাব এলে আমি নিশ্চয় ভেবে দেখব।

শেষ প্রশ্ন, আপনার প্রাণখোলা হাসির রহস্য কী?

হা হা হা (সেই বিখ্যাত হাসি হেসে)। আমার অন্তর খুব পরিষ্কার, তাই স্বতঃস্ফূর্তভাবে হাসি বেরিয়ে আসে।

চটজলদি

আমির না প্রসেনজিত—আমির

মাধুরী না ঋতুপর্ণা—মাধুরী

ভারতীয় না কন্টিনেন্টাল—ভারতীয় খাবার

ফুটবল না ক্রিকেট—ফুটবল

টেলিভিশন না সিনেমা—টেলিভিশন

শিবপ্রসাদ না অক্ষয় রায়—শিবপ্রসাদ