কোটি টাকা জেতার অনুষ্ঠান
‘বিশ্বের জনপ্রিয় টিভি অনুষ্ঠান হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার? এখন থেকে বাংলায় এবং বাংলাদেশে।’—এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার? অনুষ্ঠানের কার্যক্রম। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশে এ প্রতিযোগিতা আয়োজন করার জন্য এরই মধ্যে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডেলটা বেকে অনুমতি দিয়েছে হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার কর্তৃপক্ষ। মূল অনুষ্ঠানের সঙ্গে হুবহু মিল রাখার জন্য যুক্তরাজ্য এবং ভারতের মুম্বাই থেকে অভিজ্ঞ কারিগরি দল আসবে। তাদের এখানে সহযোগিতা করবে রেড ডট।বিশ্বখ্যাত এই মেধা প্রতিযোগিতার অনুষ্ঠানটির বাংলা সংস্করণ কে হতে চায় কোটিপতি? নির্মাণ ও সমপ্রচারের আনুষ্ঠানিক ঘোষণা দেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘দেশ টিভি এই অনুষ্ঠানটির ফ্রানচাইজ নিয়েছে। বাংলাদেশে এটিই হবে বিশ্বমানের প্রথম টিভি রিয়ালিটি শো।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেড ডটের চেয়ারম্যান জেমস, ব্যবস্থাপনা পরিচালক গাজী শুভ্র, ডেলটা বে প্রোডাকশনের চেয়ারম্যান এম ফখরুদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন এবং দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘কে হতে চায় কোটিপতি? বিশ্বজুড়ে একটি বিজ্ঞানসম্মত বুদ্ধিমত্তার পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিনোদন এবং টান টান উত্তেজনার বাতাবরণে মানুষের জ্ঞানস্পৃহা বাড়ানোই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য।’ ১৯৯৪ সালে ৪ সেপ্টেম্বর যুক্তরাজ্যের টিভিতে অনুষ্ঠানটি প্রথম দেখানো হয়। বিশ্বের শতাধিক দেশে এই অনুষ্ঠানটি নির্মিত ও প্রচারিত হয়েছে। সংবাদ সম্মেলনে অনুষ্ঠানটি নির্মাণ ও সম্প্রচারের ব্যাপারে ডেলটা বে, দেশ টিভি ও রেড ডটের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে।