কোটিপতির সন্ধানে
এফডিসির ২ নম্বর ফ্লোরটা (প্রয়াত নায়ক জসিমের নামে ফ্লোরটি) চেনা যাচ্ছে না। ব্যাপক সংস্কার করা হয়েছে। বাইরে সুরক্ষিত দরজা। সেখানে ডিজিটাল লকার। কোড নম্বর জানা না থাকলে ভেতরে ঢোকা অসম্ভব। কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ভেতরে ঢুকে আরও অবাক হওয়ার পালা। ডান দিকে দোতলায় যাওয়ার সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই দুই পাশে সারি সারি কক্ষ। সবই নতুন করে তৈরি। আরও অবাক করা বিষয়—পুরো ফ্লোরই শীতাতপ নিয়ন্ত্রিত। অথচ মাস দুয়েক আগেও এই ফ্লোরে ছিল প্রচণ্ড গরম। সেই গরমেই চলত চলচ্চিত্রের শুটিং। তবে এখন দৃশ্যপট পাল্টেছে। কারণ, এখানে এখন যাঁরা আসছেন, তাঁদের অনেকেরই চোখে কোটিপতি হওয়ার স্বপ্ন। কিংবা কোটিপতি হওয়ার নতুন খেলায় দর্শক হিসেবে অংশগ্রহণের ইচ্ছা। আর যেখানে তাঁরা একাট্টা হয়েছেন, সেই ‘কে হতে চায় কোটিপতি’র সেটে ঢুকে পড়ি। এর আগে ‘হু ওয়ান্টস টু বি মিলিয়নিয়ার’-এর ভারতীয় সংস্করণ ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দেখেছি। তাই এর বাংলাদেশি সংস্করণ ‘কে হতে চায় কোটিপতি’র সেটে ঢুকে সবকিছুই চেনা চেনা লাগছিল। একই সেট। একই আলোর প্রক্ষেপণ, মিউজিক—সব। শুধু সঞ্চালকের সিটে অমিতাভ বচ্চন নন, আমাদের প্রিয় আসাদুজ্জামান নূর। সফল অভিনেতা আর জননেতার পর গায়ে উঠেছে নতুন তকমা—উপস্থাপক। ধারণকাজ শুরু হলো। হট সিটে তখন একজন ফিজিশিয়ান। এই পর্বের বেশ অনেকটা শুটিং সম্পন্ন হয়ে গেছে। ডাক্তার সাহেব ইতিমধ্যেই ১০ হাজার টাকা জিতে নিয়েছেন, যে টাকাটা তিনি নিশ্চিত ঘরে নিয়ে যেতে পারবেন। এবার তিনি ছয় নম্বর প্রশ্নের উত্তর দেবেন। সঠিক উত্তর দিতে পারলে তিনি পাবেন ২০ হাজার টাকা। উপস্থাপক আসাদুজ্জামান নূর বেশ কৌশলী ঢঙে প্রশ্ন রাখলেন।‘একবার যদি কেউ ভালোবাসত’ গানটি কোন চলচ্চিত্রের?ক. গোলাপী এখন ট্রেনে খ. সুন্দরী গ. নয়নমণি ঘ. জন্ম থেকে জ্বলছি ডাক্তার সাহেব ভাবনায় ডুবে গেলেন। দর্শকের সারি থেকে কেউ কেউ উসখুস করছেন। ভাবটা এমন, ইস, এটা তো সোজা প্রশ্ন। কিন্তু যিনি ওই হট সিটে বসে এমন একজন বড় মানুষের সামনে প্রশ্নের জবাব দিতে বসেন, তিনিই জানেন স্নায়ুদুর্বলতা কী জিনিস। জানা উত্তরও তখন গুলিয়ে ফেলার আশঙ্কা। কী কারণে, কেন হঠাৎই এই অনুষ্ঠানের সেটে আসা, তার একটু কারণ বিশ্লেষণ না করলেই নয়। আমরা সমালোচনাপ্রিয় জাতি। খুঁত ধরায় এবং পরচর্চায়ও সিদ্ধহস্ত। ‘কে হতে চায় কোটিপতি’ বাংলাদেশে হচ্ছে যেদিন জানা গেল, সেদিন থেকেই আলোচনা-সমালোচনায় গরম হয়ে উঠল চারপাশ। কে বসবেন উপস্থাপকের আসনে—এটাই ছিল প্রধান আলোচনা। নানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত চূড়ান্ত নামটি জানা গেল—আসাদুজ্জামান নূর।আবার চারপাশে অমিভাভ বচ্চনের সঙ্গে আসাদুজ্জামান নূরের তুলনা। তবে সুখের বিষয়, এরই মধ্যে ‘কে হতে চায় কোটিপতি’র বেশ কটি পর্ব প্রচার হয়ে গেছে। নানা সমালোচনা আর খুঁত ধরার চেষ্টাও হয়েছে। তবে সেই চেষ্টার আগুনে জল ঢালা হয়েছে; অভিনেতা ও জননেতা আসাদুজ্জামান নূর উতরে গেছেন তাঁর এই নতুন ভূমিকায়।কীভাবে সম্ভব হলো? এক ফাঁকে কথা হয় আসাদুজ্জামান নূরের সঙ্গে। প্রথমেই অমিতাভের সঙ্গে তাঁর তুলনার বিষয়টি আসে। ‘কাউকে অনুকরণ করে তাঁকে অতিক্রম করা যায় না।’ বললেন নূর। তারপর বিশ্লেষণ করলেন এভাবে: ‘এই অনুষ্ঠানের ফরমেট একই। একটা গাইডলাইন থাকে। অনেক বিষয় তাৎক্ষণিকভাবে বলতে হয়। একটু হিউমার, একটু মজা, একটু সিরিয়াস। তা ছাড়া নানা বয়সের, নানা পেশার প্রতিযোগীর মুখোমুখি হতে হচ্ছে। সব মিলিয়ে মনে হলো, যে কাজটা আমি করতে যাচ্ছি, এটাও নাটকের কোনো চরিত্রের মতোই। তাই বাড়িতে গিয়েও এটা নিয়ে মনের মধ্যে ভাবনা-চিন্তা চলছে, যেমন করতাম কোনো নাটকের চরিত্র নিয়ে।’১৪ কোটি মানুষকে আত্মবিশ্বাসে বলীয়ান করার আশাবাদ নিয়ে দেশ টিভিতে শুরু হয়েছে যে নতুন খেলা, সেই ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের সেট থেকে ফেরার সময় মনে হলো, বাঙালি মজে গেছে এই খেলায়। যতই দিন যাচ্ছে, ততই এ অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ বাড়ছে। কোটি টাকা জিতে নেওয়ার স্বপ্নও কারও কারও মনে দোলা দিচ্ছে প্রতিনিয়ত।