বাংলা সিনেমার শুটিং-রাজ্য বলা হয় এফডিসিকে। আর সেখানেই কিনা কোনো শুটিং নেই! এ কথা বিশ্বাস করা কি খুব সহজ?আসলেই তা-ই। গত সোমবার এফডিসিতে ঢোকার পথেই থমকে দাঁড়াতে হলো। প্রবেশদ্বারে অনেক ভিড়। কিছুক্ষণ পর নিরাপত্তাপ্রহরীরা হুইসেল বাজিয়ে লোকজন সরিয়ে দিচ্ছে। ভেতরে বোধ হয় বড় বড় তারকা আছেন। তাঁদের দেখতেই মানুষের এত ভিড়। ভেতরে ঢুকে কিন্তু তার ছিটেফোঁটাও দেখা গেল না। মানুষজন নেই বললেই চলে। ব্যাপার কী! একজন প্রোডাকশন ম্যানেজারকে দেখা গেল, অলস ভঙ্গিতে ৩ নম্বর ফ্লোরের সামনে বসে আছেন। বললেন, ‘ভেতরে যাইয়া কী করবেন, কোথাও তো কেউই নাই।’‘কেন, শুটিং হচ্ছে না?’তিনি বললেন, ‘কোনো শুটিং নাই। কী যে হইল এই সিনেমার!’তাঁর কথায় হতাশার সুর শোনা গেল। একটু এগোতেই ভালোবাসার রং নামে সিনেমার একটি বিশাল পোস্টার চোখে পড়ল। আর একটু এগোলে দেখা গেল আরও কিছু পোস্টার। প্রতিটি ফ্লোর খালি পড়ে আছে। শুটিং ফ্লোরগুলো খালি দেখে এগিয়ে গেলাম ডাবিং থিয়েটারের দিকে। সেখানেও করুণ অবস্থা। জানা গেল, মাঝে ডাবিং থিয়েটারটি সচল ছিল। তখন পুরোদমে কাজ চলেছে। কিন্তু এখন আবার নাকি যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কাজ বন্ধ আছে। শুটিং-রাজ্যে শুটিং নেই, ডাবিং নেই, এর পরও কি এফডিসির নাম আর শুটিং-রাজ্য থাকবে?