কোন নায়ক-নায়িকার সঙ্গে অভিনয় করতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নায়ক এগিয়ে আসছেন নায়িকার দিকে, অথবা নায়িকার স্পর্শে রোমাঞ্চিত হয়ে উঠেছেন নায়ক—এমন দৃশ্যে নানাজনের সঙ্গে হরহামেশাই অভিনয় করেন তাঁরা। তবে তারকারা এবার জানাচ্ছেন, রোমান্টিক দৃশ্যে কাদের সঙ্গে অভিনয় করতে চান তাঁরা। বলছেন তাঁদের স্বপ্নের নায়ক-নায়িকার কথা

আনিসুর রহমান মিলন
আনিসুর রহমান মিলন

সালমা হায়েকের সঙ্গে হাঁটছি
আনিসুর রহমান মিলন

সালমা হায়েক
সালমা হায়েক

আসলে প্রিয় নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্যে বা রোমান্টিক দৃশ্যে অভিনয়ের ব্যাপারটা আমার কাছে একটু অন্য রকম। ওই মুহূর্তে প্রিয় নায়িকাকে ছাপিয়ে মাঝেমধ্যে রোমান্টিক দৃশ্যটাই বেশি মনে পড়ে। এমন একটি দৃশ্যের কথা চিন্তা করতে গিয়ে ঠিক এখন মনে পড়ছে ডেসপ্যারাডো ছবির নায়িকা সালমা হায়েকের কথা। দৃশ্যটা ছিল এমন: দুপাশে বিস্তীর্ণ খোলা জায়গা, জনমানবহীন এক মহাসড়ক ধরে নায়িকা গাড়ি চালিয়ে ছুটে আসছে, রাস্তায় গিটার হাতে দাঁড়ানো নায়ক আন্তোনিও ব্যান্ডারাস।
ডেসপ্যারাডো দেখতে গিয়ে মনে হয়েছে, ঠিক ও রকম খোলা একটি রাস্তায় সালমা হায়েকের হাত ধরে আমি হাঁটছি। গুমোট আবহাওয়ায় ঝিরঝির বাতাস বইছে তখন। তার একটু পরই ঝুম বৃষ্টি। আর বৃষ্টিভেজা রাস্তায় সালমা হায়েকের হাত ধরে হাঁটার দৃশ্যটা আমার কাছে অদ্ভুত সুন্দর একটা মুহূর্ত হবে বলে মনে হয়।
আরেকটি দৃশ্যও মাথায় ঘুরপাক খায় মাঝেমধ্যে। টাইটানিক ছবি দেখে প্রায় ডুবে যাওয়া জাহাজের মাথায় কেট আর লিওনার্দোর হাত দুটো প্রসারিত করে দাঁড়ানো মুহূর্তটার কথাই হয়তো অনেকের বারবার মনে হয়। কিন্তু আমি যদি কেটের সঙ্গে আমার ও রকম রোমান্টিক কোনো মুহূর্তের কথা চিন্তা করতাম, সেটা হতো এমন: সাগরের মধ্যে কিছু উঁচু পাথুরে টিলা থাকবে, সে রকম একটি টিলার ওপর কেট আর আমি। গোধূলির সোনালি আলোয় ভরে আছে চারদিক। মাঝেমধ্যে ঢেউয়ের ঝাপটা এসে আমাদের ভিজিয়ে দিচ্ছে...হা হা হা।

রিচি সোলায়মান
রিচি সোলায়মান

অবশ্যই রণবীর
রিচি সোলায়মান

রণবীর কাপুর
রণবীর কাপুর

রোমান্টিক ছবিতে আমার নায়ক হিসেবে বেছে নেওয়ার সুযোগ থাকলে আমি অবশ্যই রণবীরকে চাইব। রোমান্টিক দৃশ্যটা এমন হতে পারে: এক পাশে সমুদ্র, আরেক পাশে নির্জন পাহাড়। এর মাঝের সরু রাস্তা দিয়ে আমরা দুজন ছাদখোলা একটা গাড়িতে চড়ে লং ড্রাইভে যাচ্ছি! প্রেমের ক্ষেত্রে তো দুষ্টুমিটা অনেক বেশি থাকে, তাই এমন সময় অনেক ধরনের খুনসুটি হতে পারে আমাদের মধ্যে। যেমন, ড্রাইভিং সিটের পাশে বসে রণবীরকে খোঁচা মেরে আমি বলতে পারি, ‘আমার তো পরিবেশটা বেশ রোমান্টিক লাগছে, তোমার কি লাগছে না?’ রণবীর হয়তো বলবে, ‘দেখছ না আমি গাড়ি চালাচ্ছি? এই অবস্থায় বেশি রোমান্টিক লাগলে তো গাড়ি খাদে পড়বে!’ এটা শুনে আমি হয়তো ওকে একটা চিমটি কেটে বসব! হা হা হা... এমন অনেক কিছুই তো হতে পারে আসলে!
বলে রাখি, হলিউডে টম হ্যাংকস আর লিওনার্দো ডিক্যাপ্রিও আমার খুব প্রিয়। তবে এই পছন্দে আবার কিন্তু আছে। যেমন ধরুন, যদি স্বামী হিসেবে কাউকে বেছে নিতে হয়, তবে আমি টম হ্যাংকসকেই বেছে নেব। আর যদি প্রেমিক হিসেবে কাউকে—অবশ্যই রণবীর কাপুর।

পিয়া
পিয়া

ক্যান্ডললাইট ডিনার শাহরুখের সঙ্গে

শাহরুখ খান
শাহরুখ খান

পিয়া
বাড়িতে বা একটা রেস্তোরাঁয় একটা সুন্দর পরিবেশে একটা মেয়ের জন্য ক্যান্ডললাইট ডিনারের চেয়ে রোমান্টিক আর কিছু হতে পারে না। তাই আমি চাইব, রোমান্টিক দৃশ্যে আমার নায়কের সঙ্গে ক্যান্ডললাইট ডিনারে বসতে। নায়ক হিসেবে চাইব শাহরুখ খানকে। ছোট থেকেই আমি তাঁর রোমান্টিক ছবি দেখতে দেখতে বড় হয়েছি। এভাবেই একসময় তাঁর ভক্ত বনে গেছি। তাই, তাঁকেই প্রথমে পাশে চাইব। তবে আপনি যদি এখনকার কাউকে পছন্দ করতে বলেন, তাহলে আমি বেছে নেব রণবীর কাপুরকে। তিনি ভীষণ স্মার্ট, খুব চুপচাপ। দেখে তো তেমনই মনে হয়, জানি না বাস্তব জীবনে তিনি কেমন।
আর যদি আপনি আমাকে হলিউড থেকে পছন্দ করতে বলেন, তাহলে রিচার্ড গিয়ারকে বেছে নিতাম, যদিও তাঁর বয়স এখন বেশি হয়ে গেছে! ইয়াং থাকলে অবশ্যই তাঁকে বেছে নিতাম নায়ক হিসেবে। আর, টম ক্রুজ তো টম ক্রুজই! তাঁকে পেলে লং ড্রাইভে ছুট দিতাম! আর কী করতাম? আপাতত এটুকুই বলি, বাকিটুকু না-হয় যদি কখনো এমন দৃশ্যে অভিনয়ের সুযোগ হয়, তখন হলে গিয়েই দেখে আসবেন! হা হা হা...

আরেফিন শুভ
আরেফিন শুভ

কবরীকে চাই রোমান্টিক জুটিতে
আরেফিন শুভ

কবরী
কবরী

যাঁর সঙ্গে এমন একটা দৃশ্যে অভিনয় করতে চাই, তাঁকে ছোটবেলা থেকেই চলচ্চিত্রে অভিনয় করতে দেখতাম। বড় হওয়ার পরও তাঁর অভিনীত অনেকগুলো ছবি দেখেছি, কিন্তু বর্তমান সময়ে তো আর তাঁর সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় সম্ভব নয়। আমি আর তিনি একই সময়ে অভিনয় করলে তাঁকেই চাইতাম রোমান্টিক জুটি হিসেবে। আমি কবরীর কথা বলছি। আমার পছন্দ কবরী।
একজন সহশিল্পী কিংবা দারুণ অভিনেত্রী হিসেবে তাঁকেই সবচেয়ে নিখুঁত মনে হয়। যে দৃশ্যটি আমি কবরী ম্যাডামের সঙ্গে করতে চাই, তা হলো তিনি কলসি কাঁখে কোনো এক পুকুরঘাটে পানি আনতে গিয়েছেন, আর আমি কিছু দূরে দাঁড়িয়ে কোনো গাছের আড়াল থেকে দেখছি। বাংলা ছবিতে হয়তো অনেকবারই এ রকম দৃশ্য নির্মিত হয়েছে, তাই আমার ভাবনাকে আপনারা সেকেলে বলে মনে করতে পারেন। কিন্তু আমার কাছে প্রেমের বিষয়টা একটু অন্য রকম। প্রাপ্তিটা খুব সহজ হয়ে গেলে রোমান্টিকতা কমে যায়। আর প্রাপ্তিটা যদি অনেক কাঠখড় পোড়ানোর পর হয়, তবে সেটা অনেক বেশি রং ছড়ায়। তাই আমার কাছে, দেখামাত্র হাত ধরে চুমু খাওয়া প্রেমের দৃশ্যের চেয়ে দশ দিন ধরে লুকিয়ে লুকিয়ে দেখার পর একদিন সামনে পড়ে যাওয়া, তারপর একটু মুচকি হাসি বিনিময়—এই ধরনের প্রেমই বেশি রোমান্টিক বলে মনে হয়।

মুনমুন
মুনমুন

পছন্দ রাসেল ক্রো
মুনমুন

রাসেল ক্রো
রাসেল ক্রো

অভিনয়ের ক্ষেত্রে আমি কেন যেন একটু বয়স্ক অভিনেতাদেরই পছন্দ করি। কথাটা শুনে সবাই হয়তো হাসবেন, কিন্তু আমি এর পেছনে একটা কারণও খুঁজে বের করেছি। আমার মনে হয় প্রবীণ অভিনেতারা অভিনয়ে স্বভাবতই তরুণদের চেয়ে অভিজ্ঞ, পরিপক্ব। আর অভিনয়ে সেই পরিপক্বতার ছাপ থাকে বলে তাঁদেরই আমার পছন্দ।
হলিউড অভিনেতা রাসেল ক্রো, টম হ্যাংকস আমার পছন্দের দুজন অভিনেতা। নোবেল অর্থনীতিবিদ জন ন্যাসের জীবনী অবলম্বনে নির্মিত এ বিউটিফুল মাইন্ড ছবিটি দেখতে গিয়ে মনে হয়েছে, জন ন্যাসের স্ত্রীর চরিত্রটি যদি কখনো আমার করার সুযোগ হতো! ছবিতে জন ন্যাসের চরিত্রে অভিনয় করা রাসেল ক্রো ছিলেন একজন সিজোফ্রেনিক। স্ত্রীর চরিত্রে অভিনয় করা জেনিফার কন্নেলি পুরোটা ছবিতেই জন ন্যাসকে যেভাবে ম্যানেজ করেছেন একজন স্ত্রী আর সঙ্গী হয়ে, সেটা সত্যিই অসাধারণ! ছবির একটি রোমান্টিক এবং আবেগঘন দৃশ্যে স্ত্রী কন্নেলি রাসেল ক্রোকে তাঁর অবাস্তব চিন্তা থেকে সরিয়ে নিজের করে নেন—সে দৃশ্যটায় রাসেল ক্রোর সঙ্গে অভিনয় করতে পারলে ভীষণ ভালো লাগত। রোমান্টিক চরিত্রে অভিনয় করার কথা বলতে গেলে আরেকজনের কথা না বললেই নয়। তিনি হলেন উত্তম কুমার। পথে হল দেরী ছবিতে ‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে’ গানটিতে মহানায়কের সঙ্গে যদি আমি অভিনয় করতে পারতাম! তবে সেটাই হতো আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর।