কোনালের জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি তখন খুব ছোট। কেউ কোনো গান গাইতে বললেই শুরু করত রুনা লায়লার ‘শিল্পী’ গানটি। এমনকি রুনা লায়লার গায়কি, তাঁর সাজ-পোশাক সবই মেয়েটিকে খুব আকর্ষণ করত। বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন হলেও প্রিয় শিল্পীর প্রতি আকর্ষণ কমেনি, বরং বেড়েছে। মজার বিষয় হলো চ্যানেল আইয়ের ‘সেরা কণ্ঠ ২০০৯ প্রতিযোগিতা’য় মেয়েটি বিচারক হিসেবে পেলেন তাঁর আদর্শ রুনা লায়লাকে। সেবার বিজয়ের খেতাবও অর্জন করেছিলেন মেয়েটি। এখন এ অনুষ্ঠানটি উপস্থাপনাও করেন তিনি। এভাবেই মেয়েটি হয়ে ওঠেন আজকের কোনাল। ঢাকার একটি কফি শপে কোনাল শোনালেন তাঁর শিল্পী হওয়ার গল্পটা। প্রায় তিন মাস আগে বাজারে এসেছে কোনালের প্রথম একক অ্যালবাম কোনালস জাদু। নিজের প্রথম অ্যালবামের সাড়া কেমন? উত্তরে কোনাল বলেন,‘গানগুলো একেকটি একেক রকম। ভালো সাড়া এসেছে শ্রোতাদের কাছ থেকে। কারও হয়তো “বুঝিয়ে দেব আমি” গানটি ভালো লেগেছে, কারও কাছে “ছায়ার মাঝে”। তবে সবচেয়ে বেশি প্রশংসা পেয়েছি “বাংলাদেশ” গানটির জন্য।’সাত মাসের পরিশ্রমের ফসল এই অ্যালবাম। ভালো, খারাপ ও হতাশাময়—সব ধরনের মুহূর্তই পার করেছেন তিনি এ সময়। কিন্তু যেদিন অ্যালবাম হাতে পেলেন, সব কষ্ট নিমেষেই যেন দূর হয়ে যায়। তাই এখন শুধু ভালো মুহূর্তগুলোর কথা মনে পড়ে। মনে পড়ে বাপ্পা মজুমদারের অনুপ্রেরণা,পৃথ্বীরাজের অপরিসীম সহযোগিতা আর মা-বাবার সমর্থন। বাংলাদেশের মেয়ে কোনালের বেড়ে ওঠা কুয়েতে। মা-বাবা আর ছোট ভাইকে নিয়ে পরিবার। সবাই কুয়েতেই থাকেন। কোনাল থাকেন ঢাকায়, মামার বাড়িতে। এখানে নানা, খালা ও মামাদের সঙ্গে আনন্দেই দিন কাটে তাঁর। তবে মায়ের কথা মনে পড়লেই মন এক ছুটে চলে যায় কুয়েতে। আজকের কোনাল হওয়ার পেছনে সবচেয়ে অনুপ্রেরণা যে মায়েরই। গানের হাতেখড়িও তাঁর কাছে। ‘আমার নানা ছিলেন যন্ত্রসংগীতশিল্পী। মা গান করেন। এখনো মায়ের মতো গান গাইতে পারি না আমি।’ বলেন কোনাল।সেরা কণ্ঠ ২০০৯ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরদিন থেকেই চলচ্চিত্রে প্লেব্যাক করা শুরু করেন কোনাল। এর মধ্যে প্রায় ১৫টি চলচ্চিত্রে গান গেয়েছেন। আর বিজ্ঞাপনের জিঙ্গেল তো করছেনই। এয়ারটেলের পাঁচটি বিজ্ঞাপনে মডেলও হয়েছেন। ওই বিজ্ঞাপনগুলো জনপ্রিয়ও হয়েছে। এর মধ্যে নতুন আরেক প্রতিভায় উদ্ভাসিত কোনাল—লালটিপ চলচ্চিত্রে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি। ভবিষ্যতেও কি ইচ্ছা আছে অভিনয়ের?‘অনেক প্রস্তাব পেয়েছি। আপাতত মডেলিং বা অভিনয় কোনোটাই করার কোনো ইচ্ছা নেই। লেখাপড়ার পাশাপাশি শুধু গান নিয়ে থাকতে চাই।’—কোনালের সাফ জবাব।ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজমে লেখাপড়া করছেন তিনি। ফারসি, আরবি, উর্দুসহ জানেন সাতটি ভাষা। অবসরে রান্না করেন, ছবি আঁকেন। এত কিছুর পরও অন্য রকম একটা স্বপ্ন আছে তাঁর। এমন একটা হাসপাতাল করবেন তিনি, যেখানে অসুস্থ মানুষকে সুস্থ করে তুলতে সহায়তা করবে গান।কোনালের চোখে সেই স্বপ্নের প্রত্যয়।