কোনাল’স জাদু
কোনাল ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন ২০০৯ সালে। এবার আসছে তাঁর প্রথম অ্যালবাম। নাম কোনাল’স জাদু। কোনালের ভাষায়, ‘আমি দর্শকদের ভোটে চ্যাম্পিয়ন হয়েছি। তাই অ্যালবাম করার সময় তাদের কথাই বেশি ভেবেছি, যাতে সব কটি গানই সবার পছন্দ হয়।’জানালেন, তাঁর খুব ইচ্ছা ছিল মাকে নিয়ে একটি গান করবেন। শেষ পর্যন্ত তা করা হয়নি। তবে তিনি গেয়েছেন ১৯৭১ সালে জোয়ান বায়েজের গাওয়া ‘বাংলাদেশ’ গানটি। গানটির সংগীতায়োজন করেছেন পৃথ্বীরাজ। রয়েছে পৃথ্বীরাজের সঙ্গে যুগল কণ্ঠে তাঁর গাওয়া ‘ছায়ার মাঝে’ গান। তৈরি করা হয়েছে গানটির মিউজিক ভিডিও। অ্যালবামের গানগুলোর সুর সংযোজন ও সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার, ফুয়াদ, ইবরার টিপু, হূদয় খান ও পৃথ্বীরাজ। কোনাল’স জাদু প্রকাশ করেছে ডেডলাইন মিউজিক। ১৫ মে বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে অ্যালবামের মোড়ক খুলবেন সোহরাব হোসেন ও সুধীন দাশ। কোনাল এরই মধ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মার্কেটিং বিষয়ে স্নাতক করেছেন।