কোপেনিকের ক্যাপ্টেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের ছবিটি নাগরিক নাট্যসম্প্রদায়ের কোপেনিকের ক্যাপ্টেন নাটকের। নাটকটি প্রথম মঞ্চে আসে আশির দশকে। সে সময় এটির ৫০টির বেশি প্রদর্শনী হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০০৩ সালে এসে নাটকটি আবার নতুন করে মঞ্চে আনা হয়। কার্ল স্যুখমায়ারের এ নাটকের রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আলী যাকের। নাটকটির ছবিতে দেখা যাচ্ছে পান্থ শাহরিয়ার, রওনক হাসান ও রানাকে। এখানে কোপেনিকের ক্যাপ্টেন হলো পান্থ শাহরিয়ার। চরিত্রের নাম ভয়েকট। রওনক পারমিট অফিসার। ছবিটির স্মরণীয় মুহূর্তের কথা বলতে গিয়ে পান্থ শাহরিয়ার বলেন, ভয়েকট দীর্ঘদিন জেল খাটার পর বের হয়ে আসে, কিন্তু ওই দেশে থাকতে হলে পারমিট লাগবে। তাই সে পারমিট অফিসারের কাছে যায়। কিন্তু পারমিট অফিসার বলেন, পাসপোর্ট না থাকলে পারমিট দেওয়া হবে না। অন্যদিকে পাসপোর্ট অফিস থেকে জানানো হয়, পাসপোর্ট পেতে হলে পারমিট লাগবে। বিষয়টি নিয়ে ভয়েকট পারমিট অফিসারকে বোঝানোর চেষ্টা করছে। নাটকটি মঞ্চে আসার আগের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সে সময় আমাদের রিহার্সেল রুমের সমস্যা ছিল। বেইলি রোডের এশিয়াটিক অফিসের ছাদে আমরা তাঁবু ফেলে মহড়া করতাম। নাটকটির কারিগরি মঞ্চায়নের আগেই আমরা একটা রিহার্সেল প্রদর্শনী করেছিলাম। ওই প্রদর্শনীতে শুধু ঢাকার নাট্যজন যেমন—সৈয়দ শামসুল হক, আতাউর রহমান, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদারসহ অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল।’পান্থ শাহরিয়ার বলেন, ‘এটি নাগরিক নাট্যসম্প্রদায়ের কর্মীদের কাছে এক অন্য অভিজ্ঞতার নাটক। নাটকটিতে আশির দশকে আসাদুজ্জামান নূররা অভিনয় করতেন। কিন্তু পরবর্তী সময়ে আমরা যখন করি, তখন দলের একেবারেই তরুণদের নিয়ে বড় ক্যানভাসে নাটকটি করা হয়। আলী যাকের প্রথম তরুণদের নিয়ে এটি করেন, যার মধ্যে অনেকেই নতুন ছিলেন। আমি, রওনকসহ অনেকেরই নাটকটি মঞ্চে টার্নিং পয়েন্ট; এবং এ নাটক দিয়েই নাগরিক নাট্যসম্প্রদায় তরুণদের নিয়ে যাত্রা শুরু করে।’নতুনভাবে মঞ্চে আসার পর এ পর্যন্ত নাটকের প্রায় ২৫টির মতো প্রদর্শনী হয়েছে। ২০০৮ সালের পর নাটকটির আর নিয়মিত মঞ্চায়ন হয়নি।