কোরবানির ঈদে ‘পরবাসিনী’
পরবাসিনী—এশিয়ান টিভির প্রথম প্রযোজিত ছবি। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর এই ছবির সর্বশেষ খবর জানাতে গতকাল রোববার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় চ্যানেলটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে জানানো হয়, স্বপন আহমেদ পরিচালিত পরবাসিনী মুক্তি পাবে কোরবানির ঈদে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বপন আহমেদ, এশিয়ান টিভির হেড অব কমিউনিকেশনস সৈয়দ মিজান, হেড অব এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্রোগ্রাম প্ল্যানিং কামরুজ্জামান এবং এন্টারটেইনমেন্ট এডিটর সৈকত সালাহউদ্দিন। ছিলেন ছবিটির সংগীত পরিচালক ইবরার টিপু এবং সংগীতশিল্পী পড়শী। সংবাদ সম্মেলন শেষে আসেন পরবাসিনীর অভিনয়শিল্পী মেহজাবীন ও নিরব। বাংলাদেশের প্রেক্ষাপটে বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর ছবি বানানোর ব্যাপারে বললেন স্বপন আহমেদ, ‘দর্শক এখন পরিবর্তন চায়। তাছাড়া সময় পাল্টাচ্ছে, তরুণেরা আরও প্রযুক্তিপ্রেমী হয়ে উঠছে। তাই এ ধরনের ছবি বানানোর উদ্যোগ নিয়েছি। আমাদের ছবির কাজ প্রায় শেষের দিকে।’এদিকে পরবাসিনী ছবির সিক্যুয়েল বানানোর পরিকল্পনাও হাতে নিয়েছে এশিয়ান টিভি। কামরুজ্জামান বললেন, ‘নতুন প্রজন্মের ছবি নির্মাণে আমরা ভূমিকা রাখতে চাইছি। আশা করি পরবাসিনী দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করবে।’