কোরবানির হাটে বিক্রির অপেক্ষায় 'সালমান' 'শাহরুখ'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির পশুর বিক্রি বাড়াতে এবং ক্রেতাদের চমৎকৃত করতেই সম্ভবত বলিউডের তারকাদের স্মরণ করে থাকেন ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন পশু বিক্রেতা। এবারের কোরবানির ঈদ উপলক্ষে উত্তর প্রদেশের প্রধান প্রধান পশুর হাটে বেশ কয়েকজন বলিউড তারকার নামে নাম রাখা পশু বিক্রির জন্য প্রদর্শিত হয়েছে। কোরবানির হাটে আনা এসব পশুদের নামের মধ্যে রয়েছে বলিউডের দুই জনপ্রিয় খানের নামও। হাটে বিক্রির জন্য উঠেছে ‘সালমান’ ও ‘শাহরুখ’।
ভারতের এ প্রদেশটির এমনই একটি পশুর হাটে আজ শুক্রবার বিক্রির জন্য আনা হয়েছে বেশ বড় আকারের একটি ছাগল, যেটির নাম রাখা হয়েছে ‘সালমান’। আবার গাঢ় রঙের আরেকটি ছাগলও সেখানে বিক্রির জন্য রাখা ছিল, যেটির নাম রাখা হয়েছে ‘শাহরুখ’।
বিষয়টি যে এবারই প্রথম তাও নয়। আর শাহরুখ খান ও সালমান খান; শুধু যে বলিউডের এই দুই জনপ্রিয় তারকার নামেই এসব পশুর নাম রাখা হয় তাও নয়। টেনিস তারকা সানিয়া মির্জাও এ তালিকায় আছেন।

উত্তর প্রদেশের রাজধানীর পশুর হাটে সাজিদ নামের একজন পশু বিক্রেতা আছেন। সাজিদের সংগ্রহে এমন অনেক ‘তারকা’ ছাগল রয়েছে। এইসব ‘তারকা’ ছাগলদের ভালো খাবার দেওয়ার পাশাপাশি যত্নও নিতে হয়।
সাজিদের একটি ছাগল রয়েছে যেটির ওজন ১২৫ কেজি। তাঁর এ ছাগলটির নাম ‘বরফি’। বলিউডের অভিনেতা রণবীর কাপুরের ‘বরফি’ ছবির নামে এ ছাগলটির নাম রাখা হয়েছে কিনা সেটি স্পষ্ট করে না বললেও ‘বরফি’ নামের একধরনের ‘মিষ্টি’ জাতীয় খাবার নাকি ছাগলটির খুব প্রিয়। আর এ বিষয়টিই ছাগলটির এমন নাম রাখতে উৎসাহিত করেছে সাজিদকে।
সাধারণত ঈদের বাজারে এসব ‘তারকা’ নামধারী ছাগলের বাজার মূল্য ১৫ হাজার রুপি থেকে শুরু করে এক লাখ রুপি পর্যন্ত হয়ে থাকে। ইন্দো-এশিয়ান নিউজ।